বর্ষায় খুশকির প্রকোপ কেন বেড়ে যায়?
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া এবং অতিরিক্ত আর্দ্রতা স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের সংক্রমণ বাড়িয়ে দেয়। এর ফলে খুশকি ও চুলপড়া বহুগুণ বৃদ্ধি পায়। বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা চুলে এসে আটকা পড়ে এবং স্ক্যাল্পের তেলের সঙ্গে মিশে খুশকির সৃষ্টি করে।
অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন
অনেকে মনে করেন খুশকি নাশক শ্যাম্পু চুল শুষ্ক করে দেয়, তাই তারা তা এড়িয়ে চলেন। কিন্তু বিউটি এক্সপার্টদের মতে, খুশকি থেকে মুক্তি পেতে এই শ্যাম্পু ব্যবহার করা জরুরি। স্ক্যাল্পের ধরন বুঝে সঠিক অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু বেছে নিন।
শ্যাম্পুর আগে তেল মাখুন
শ্যাম্পু করার আগে হালকা গরম তেল মাখা মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে। সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পুর আধঘণ্টা আগে তেল মাখলে খুশকি নিয়ন্ত্রণে থাকে এবং চুলে পুষ্টি ফিরে আসে।
গরম পানি এড়িয়ে চলুন
বৃষ্টির দিনে গরম পানি দিয়ে গোসল ভালো লাগলেও এটি স্ক্যাল্পকে রুক্ষ ও শুষ্ক করে দেয়, যা খুশকি বাড়ায়। তাই চুল ধোয়ার জন্য সবসময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।
পরিষ্কার রাখুন চিরুনি ও তোয়ালে
চিরুনি, তোয়ালে ও বালিশের কাভার নিয়মিত পরিষ্কার না রাখলে খুশকি বারবার ফিরে আসে। অপরিচ্ছন্ন এসব জিনিস সংক্রমণ দ্বিগুণ গতিতে ছড়ায়।
নখ দিয়ে মাথা চুলকাবেন না
খুশকির কারণে চুলকানি হলেও নখ দিয়ে স্ক্যাল্প চুলকানো উচিত নয়। নখের আঁচড়ে মাথার চামড়া ক্ষতিগ্রস্ত হয়, খুশকি বাড়ে এবং চুল পড়ার গতি বেড়ে যায়।



