রাজধানীতে মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না কেন? আবহাওয়াবিদের ব্যাখ্যা
রাজধানীতে মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না কেন?

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। এমন আকাশ দেখে যে কারও মনে করাটা স্বাভাবিক, বৃষ্টি হবে। গতকাল সোমবারের সকালেও মেঘ ছিল। কিন্তু আজকের মতো নয়। আজ মেঘে অন্ধকার হয়ে এসেছিল চারদিক, কিন্তু বৃষ্টি হলো না। আবহাওয়াবিদেরা বলছেন, মেঘের এই নাটকীয় আচরণের কারণ আছে। বৃষ্টি হওয়ার কিছু শর্ত আছে। সেগুলো পূরণ হচ্ছে না। আর তার জন্যই বৃষ্টিহীন এখনো এ নগর।

তাপপ্রবাহের পরও বৃষ্টি নেই কেন?

গত রোববার রাজধানীসহ দেশের ছয় জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। দেশের নানা প্রান্তে তাপপ্রবাহ শুরু হয়েছে কয়েক দিন আগে থেকে। এরই মধ্যে অবশ্য বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। কিন্তু রাজধানীর এই মেঘের পরও বৃষ্টি নেই কেন?

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ প্রথম আলোকে বলেন, বৃষ্টির জন্য বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকতে হয়। ৮৫ ভাগের বেশি হলে বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এখন তা নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূবালি বাতাসের প্রবাহ প্রয়োজন

আর্দ্রতার পাশাপাশি দরকার পূবালি বাতাসের প্রবাহ। চলতি মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে, স্বাভাবিক সময়ের অন্তত এক সপ্তাহ পর। এরপর বৃষ্টি কিছুটা বাড়ে। তবে মৌসুমি বায়ু এখনো সক্রিয় নয়। এর বিস্তার হয়নি দেশজুড়ে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বললেন, ভারত ও বিহারের সীমান্তবর্তী এলাকায় গিয়ে আর বিস্তার ঘটছে না এ বায়ুর। এটা ঘটলেই বৃষ্টি বাড়তে পারে।

পশ্চিমা বায়ুর জোর বেশি

এ সময়টায় পূবালি বাতাস বয়। এর প্রভাবে বৃষ্টি হয়, গরম কিছুটা কমে যায়। তার দাপটে দূরে চলে যায় পশ্চিমা বায়ু। কিন্তু এখন পর্যন্ত পশ্চিমা বায়ুপ্রবাহের জোর বেশি বলে জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, তা ওই পশ্চিমা লঘুচাপের কারণে। মৌসুমি বায়ু এখনো জোরদার নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আজ বৃষ্টির সম্ভাবনা কেমন?

রাজধানীতে মেঘ আর রোদের লুকোচুরির মধ্যে বৃষ্টির সম্ভাবনা কি একেবারেই নেই আজ? জেবুন্নেছা বলেন, আজ বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। তবে বেশি হওয়ার সম্ভাবনা কম।