গুলশান লেকে ‘চলো খাল বাঁচাই’ স্লোগানে তিন দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
গুলশান লেকে ‘চলো খাল বাঁচাই’ স্লোগানে পরিচ্ছন্নতা শুরু

রাজধানীর গুলশান লেকে ‘চলো খাল বাঁচাই’ স্লোগানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টায় এ উদ্যোগ শুরু হয়। আগামী তিন দিন বৃহৎ পরিসরে এ কাজ চলবে। আর লেক পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় উদ্যোগ থাকবে বছরব্যাপী।

যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ এবং বেসরকারি সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

গুলশান-২ লেক ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, লেক থেকে ভাসমান ময়লা তুলছেন গুলশান সোসাইটির লেক পরিচ্ছন্নতাকর্মীরা। আর লেকের পাশের রাস্তা ও লেকের পাড় পরিষ্কার করছেন একই সংগঠনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁদের সঙ্গে পরিচ্ছন্নতায় অংশ নিচ্ছেন বেসরকারি সংগঠন ফুটস্টেপস বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা স্বেচ্ছাসেবক ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশের কর্মীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিএসআর উদ্যোগ

কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চিফ ডিজিটাল অফিসার আহমেদ জাফরুল হাসান বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাংকটি এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হয়েছে। শুধু অভিজাত এলাকা নয়, খাল ও জলাধারের আশপাশের সব এলাকাতেই পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন বলেন তিনি।

পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ

আয়োজকেরা জানিয়েছেন, গুলশান-২ লেকের পাড় থেকে শুরু হয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের পাশাপাশি এতে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

আয়োজকেরা বলছেন, গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রমকে দীর্ঘমেয়াদি উদ্যোগে রূপ দিতে ভবিষ্যতে আরও কর্মপরিকল্পনা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচ্ছন্নতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি

ফুটস্টেপস বাংলাদেশের ইমপ্যাক্ট অ্যান্ড আউটরিচ লিড রিদওয়ান আহমেদ বলেন, ‘এর আগেও আমরা আরও তিনটি খাল পরিষ্কারে কাজ করেছি। এটি আমাদের চতুর্থ কাজ। আমরা সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে কাজ করছি। যত দিন পর্যন্ত এই লেক পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত না হয়, তত দিন কাজ চলবে।’

স্বেচ্ছাসেবকদের প্রতিক্রিয়া

পরিচ্ছন্নতায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবক ইখলাস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি মোহাম্মপুর থেকে এসেছি। আমরা সারা দেশেই বিভিন্ন ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে থাকি।’

আরেক স্বেচ্ছাসেবক প্রত্যাশা সুমন প্রথম আলোকে বলেন, ‘আমরা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর বার্তাটা ছড়িয়ে দিতে চাই। এভাবে ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে ঢাকা পরিচ্ছন্ন নগর হয়ে উঠবে।’