‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এই আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, শব্দ দূষণ একটি নীরব ঘাতক, যা আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আমাদের মোবাইল ফোনটি নীরব (সাইলেন্ট) রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। মোবাইলের রিংটোনে যেন অযাচিত শব্দ দূষণ না হয় সেটা মাথায় রাখা দরকার। তিনি সকলকে আহ্বান জানান, ‘আসুন মোবাইল সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি।’
জেলা প্রশাসক আরও বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে। বিদ্যমান আইন ও বিধানের যথাযথ প্রয়োগ করতে হলেও এ বিষয়ে জনসচেতনতা অপরিহার্য। তিনি অযথা শব্দকে দূষণের পর্যায়ে না নিয়ে নিজের ও অপরের ক্ষতি না করার আহ্বান জানান। এ সময় তিনি সমন্বিত উদ্যোগের মাধ্যমে গাজীপুরে সহনীয় ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন।
বিশেষ অতিথির উপস্থিতি
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।
আলোচনা সভায় বক্তারা
আলোচনা সভায় বক্তারা শব্দদূষণের কারণ, এর স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক ও পরিবেশগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। গাজীপুর জেলায় শব্দদূষণ প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যতে করণীয় বিষয়েও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, শিক্ষার্থী, বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, রেড ক্রিসেন্ট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



