চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনার উত্তেজনা ও সংঘর্ষের রেশ না কাটতেই নগরীর দুই এলাকায় আরও দুটি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নগরীর বায়েজিদ ও ডবলমুরিং থানা এলাকায় এ দুটি ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বায়েজিদ এলাকায় ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর এলাকা থেকে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হাসান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সে। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
ডবলমুরিং এলাকায় উত্তেজনা
অপরদিকে শুক্রবার দুপুর দেড়টায় নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয় লোকজন এক যুবককে আটক করে মারধর করেন। পরে তাকে নিতে ঘটনাস্থলে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ সদস্যরা। প্রায় দুই ঘণ্টা হাজীপাড়ায় অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় পুলিশ ও অভিযুক্তকে। পরে বিচারের আশ্বাস দিলে অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হন ডবলমুরিং থানার পুলিশ সদস্যরা।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, নগরীর বায়েজিদ ও ডবলমুরিং থানা এলাকায় পৃথক ঘটনায় দুই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে উভয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।



