পছন্দের রেস্তোরাঁয় খেতে গেলে খাওয়ার শেষে যখন বিল আসে, তখন তার সঙ্গে সুন্দর একটি প্লেটে মৌরি আর মিছরিও আসে। অনেকেই এই মৌরির জন্য হা-পিত্যেশ করে বসে থাকেন। কারণ এমনও কিছু মানুষ আছেন, যারা ছোঁ মেরে পুরো মৌরি সাবাড় করে দেন। আর এ মৌরি খাওয়ার পর মন বেশ ফুরফুরে হয়ে যায়। কিন্তু কেন রেস্তোরাঁয় খাওয়ার শেষে এই মৌরি দেওয়া হয় তা আপনি জানেন কি?
বাংলার ঐতিহ্যে মৌরি
বহু বাড়িতেই ভাজা মৌরি কৌটবন্দি করে রাখা হয়। বাড়িতে কোনো অতিথি এলে খাওয়ার শেষে তার হাতে মৌরি তুলে দেওয়া বাঙালিদের এ রীতিনীতি। বিয়েবাড়িতেও মৌরি দেওয়া হয় খাওয়া শেষে। যদিও এখন আধুনিকীকরণ হয়েছে, তা সত্ত্বেও অনেক বাড়িতেই অনুষ্ঠানে খাওয়া শেষে এখনো মৌরি দেওয়া হয়। অনেকেই তা পছন্দ করেন।
রেস্তোরাঁয় মৌরি পরিবেশনের কারণ
যে কোনো রেস্তোরাঁতেই খাবার শেষে মৌরি দেওয়ার এই রীতি পালন করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে মৌরির বেশ কিছু উপকারিতা বর্ণনা করা রয়েছে। বেশ কিছু ওষুধ তৈরি করতেও ব্যবহার করা হয় মৌরি। এ ছাড়া মৌরি চিবিয়ে খাওয়ারও বেশ কিছু সুফল রয়েছে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই রেস্তোরাঁতে খাবার শেষে মৌরি পরিবেশন করা হয়।
মৌরির ১০টি উপকারিতা
- কোলন ক্যানসার প্রতিরোধ: মৌরিতে থাকা একপ্রকার আঁশ কোলন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
- কৃমিনাশক: মৌরি কৃমিনাশক হিসেবেও কাজ করে থাকে।
- হৃদরোগের ঝুঁকি কমানো: নিয়মিত মৌরি খেলে হার্টঅ্যাটাকের ঝুঁকি কমে যায়। এ ছাড়া স্ট্রেস কমাতে সাহায্য করে।
- হজমশক্তি বৃদ্ধি: খাওয়ার পর নিয়ম করে মৌরি খেলে হজমশক্তি বাড়ে।
- দৃষ্টিশক্তি উন্নতি: মৌরি নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো হয়।
- ওজন কমানো ও বাতের ব্যথা: ওজন কমাতে ও বাতের ব্যথার অব্যর্থ ওষুধ হলো মৌরি।
- ঘুমের উপকার: রাতে ঘুমাতে যাওয়ার আগে হাফ চামচ মৌরি গুঁড়ো এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে অনেক উপকারে আসে।
- মাউথ ফ্রেশনার: মৌরি মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে। খুব সহজেই মুখের যে কোনো গন্ধ দূর করে দেয়।
- সংক্রমণ প্রতিরোধ ও কোষ্ঠকাঠিন্য দূর: অন্য কোনো রকম খাবার থেকে সংক্রমণের আশঙ্কা কমায় মৌরি। খাবার দ্রুত হজম করতে সাহায্য করে থাকে। এ ছাড়া দূর হয় কোষ্ঠকাঠিন্য। মৌরির মধ্যে থাকে খাদ্য হজমকারী বেশ কিছু ফাইবার। মৌরি চিবালে যে লালা নির্গত হয় তা যে কোনো খাবারকে হজম করতে সাহায্য করে।
- পেট পরিষ্কার রাখা: পেট পরিষ্কার রাখতে সাহায্য করে মৌরি। ইসবগুলের মধ্যে অন্যতম উপাদান হিসেবে থাকে মৌরি। এমনকি ওষুধের মধ্যেও এর ব্যবহার রয়েছে।
রান্নাতে ফোড়ন হিসেবে মৌরির ব্যবহারও আছে। মৌরি শুধু স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।



