ইরানি শিরিন পোলাও: ঐতিহ্যবাহী মিষ্টি রাইস ডিশ
ইরানি শিরিন পোলাও হলো একটি ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় রাইস ডিশ, যা মিষ্টি চালের সঙ্গে রঙিন শুকনো ফল এবং সুগন্ধি উপাদানের দারুণ সংমিশ্রণে তৈরি হয়। এই খাবারটি শুধু স্বাদেই ভরপুর নয়, বরং এর চোখজুড়ানো রঙও দর্শকদের আনন্দ দেয়। বাদামের মচমচে ভাব, নরম কিশমিশ এবং বিভিন্ন শুকনো ফলের সমন্বয়ে তৈরি এই পদটি উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ মুহূর্তে পরিবেশনের জন্য অত্যন্ত জনপ্রিয়। ঈদের মতো উৎসবের আয়োজনে মেহমানদের জন্য সুস্বাদু এই খাবার রাখা যেতে পারে।
শিরিন পোলাও তৈরির প্রয়োজনীয় উপকরণ
- বাসমতি চাল: ৫০০ গ্রাম
- মাল্টার খোসা: ২৫ গ্রাম
- পেস্তাবাদামকুচি: ২ টেবিল চামচ
- কাজুবাদামকুচি: ২ টেবিল চামচ
- মাখন: ২ টেবিল চামচ
- চিনি: ৩ টেবিল চামচ
- জাফরান: ১ চিমটি
- বরফ: ২ কিউব
- লবণ: স্বাদমতো
- আস্ত মুরগি: একটি
- তন্দুরি/কাবাব মসলা: ৪ টেবিল চামচ
- টক দই: ৪ টেবিল চামচ
শিরিন পোলাও তৈরির ধাপে ধাপে পদ্ধতি
প্রথম ধাপ: কমলার খোসা ছুরি বা পিলারের সাহায্যে পাতলা করে তুলে নিন। তেতোভাব কমাতে খোসাগুলো ঠান্ডা পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর সেগুলো ৫ মিনিটের মতো ফুটিয়ে পানি ঝরিয়ে নিন। শিরিন পোলাওয়ের সঙ্গে পরিবেশনের জন্য মুরগির টুকরোগুলো দই ও তন্দুরি মসলার সঙ্গে মিশিয়ে অন্তত ২ ঘণ্টা ম্যারিনেট করুন। পরে ম্যারিনেট করা মুরগি বেক, এয়ারফ্রাই বা রান্না করে ঝোলসহ প্রস্তুত করে নিন। ইচ্ছা করলে নিজের পছন্দ অনুযায়ী মসলাও ব্যবহার করতে পারেন।
দ্বিতীয় ধাপ: একটি বড় পাত্রে পানি ফুটিয়ে তাতে লবণ দিন। বাসমতী চাল ভালোভাবে ধুয়ে প্রায় এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি ফুটে উঠলে চাল দিয়ে আধাসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন এবং ঝাঁঝরিতে ছেঁকে নিন। এরপর চাল দুই ভাগে ভাগ করে এক ভাগে জাফরান মিশ্রিত পানি দিয়ে আলাদা করে রাখুন।
তৃতীয় ধাপ: মাল্টার খোসা ক্যারামেলাইজ করতে একটি ছোট প্যানে ৪ টেবিলচামচ চিনি ও আধা কাপ পানি দিন। চিনি গলে গেলে তাতে কমলার খোসা ও কুচানো গাজর যোগ করুন। অল্প আঁচে প্রায় ১০ মিনিট কষিয়ে ক্যারামেলাইজ করে নিন।
চতুর্থ ধাপ: চুলার আঁচ কমিয়ে মোটা তলার পাত্রে মাখন দিন। প্রথমে সাদা আধাসেদ্ধ চালের একটি স্তর দিন। এর ওপর ক্যারামেলাইজ করা মাল্টার খোসা ও কিছু বাদাম ছড়িয়ে দিন। তারপর জাফরান মেশানো চালের আরেকটি স্তর দিন। সামান্য গোলাপজল ছিটিয়ে ঢাকনা দিয়ে ফয়েল পেপার বা আটা দিয়ে চারপাশ ভালোভাবে বন্ধ করুন। প্রায় ৪০ মিনিট দমে রাখুন। শেষে ওপরে মাল্টার খোসা ও বাদাম ছড়িয়ে রান্না করা মুরগির সঙ্গে পরিবেশন করুন।
এই রেসিপিটি অনুসরণ করে আপনি সহজেই বাড়িতে ইরানি শিরিন পোলাও তৈরি করতে পারবেন, যা আপনার উৎসবের আয়োজনকে আরও সমৃদ্ধ করবে।



