মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) ভোরে উপজেলার বাউশিয়া এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক মহাসড়কের মাঝখানে উলটে গেলে এই যানজটের সূত্রপাত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহণ চালকরা।
যানজটের বিস্তারিত বিবরণ
জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন। যানজটের কারণে যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
চালক ও যাত্রীদের বক্তব্য
ট্রাকচালক আলাউদ্দিন বলেন, "আমি তেতৈতলা হাস পয়েন্ট এলাকা থেকে জ্যামে আটকে আছি। ভাটেরচর পর্যন্ত আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।"
বাসচালক রাসেল জানান, "আমি বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছে।"
এক বাসযাত্রী আক্ষেপ করে বলেন, "প্রায়ই এই মহাসড়কে যানজট লেগেই থাকে। ফলে আমরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না।"
পুলিশের বক্তব্য
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতের বেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক মহাসড়কের মাঝখানে উলটে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন।



