মাছের বেগুনি: বেগুনের স্বাদে মাছের মোচা
বিকালের নাশতায় বেগুনি মানেই সাধারণত বেগুন, কুমড়া বা ঝিঙের পরিচিত স্বাদ। তবে একটু ভিন্নতা আনতে চাইলে তৈরি করতে পারেন মাছের বেগুনি। বাইরে মচমচে আর ভেতরে নরম মাছের পুর—দুইয়ের মিশেলে এটি হতে পারে দারুণ সুস্বাদু এক পদ। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সবার জন্য সহজেই বানিয়ে নিতে পারেন ব্যতিক্রমী এই নাস্তা। চলুন জেনে নেওয়া যাক মাছের বেগুনি তৈরির পদ্ধতি।
উপকরণ ও প্রস্তুতি
মাছের বেগুনি তৈরির জন্য প্রথমে রুই, কাতলা কিংবা যেকোনো বড় মাছ ভালোভাবে পরিষ্কার করে টুকরো করে নিন। এরপর মাছগুলোতে হলুদ ও লবণ মেখে মচমচে করে ভেজে নিতে হবে। ভাজা মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে নিয়ে মাছগুলো ভালোভাবে চটকে বা গুড়ো করে রাখুন।
পুর তৈরি
এবার একটি বড় পেঁয়াজ কুচি, ৩-৪টি কাঁচামরিচ কুচি এবং সামান্য আদা কুচি তেলে ভেজে নিন। এতে ভাজা মাছের গুড়ো যোগ করুন। সঙ্গে দিন সামান্য হলুদ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ ও ধনেপাতা কুচি। সব উপকরণ ভালোভাবে নেড়ে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিন।
বেগুনি তৈরি
এরপর একটি বেগুন লম্বালম্বিভাবে বেগুনির আকারে কেটে নিন। একটি বেগুনের টুকরোর ওপর মাছের পুর দিয়ে আরেকটি টুকরো চেপে বসান। এবার বেসনের সঙ্গে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো ও লবণ মিশিয়ে ব্যাটার তৈরি করুন। বেগুনির টুকরোগুলো সেই ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন।
তৈরি হয়ে গেলো সুস্বাদু মাছের বেগুনি। গরম গরম সস বা সালাদের সঙ্গে পরিবেশন করুন।



