মজাদার ও ভিন্ন স্বাদের কাবাবের মধ্যে শিখমপুরি কাবাব বেশ জনপ্রিয়। বাইরের মচমচে আবরণ আর ভেতরে পুদিনা-টকদইয়ের নরম পুর—দুইয়ের মিশেলে এই কাবাব হয়ে ওঠে দারুণ মুখরোচক। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ।
উপকরণ
- মিহি কিমা: দেড় কাপ
- এলাচি-দারুচিনি-লবঙ্গ: ২টি করে
- শুকনা মরিচের গুঁড়া: আধা চা-চামচ
- নারিকেলের দুধ: ১ কাপ
- রসুন বাটা: ১ চা-চামচ
- গুঁড়ো দুধ: ৪ টেবিল চামচ
- আদা বাটা: ১ চা-চামচ
- চিনি: ১ চা-চামচ
- হলুদের গুঁড়া: সিকি চা-চামচ
- বেসন: এক টেবিল চামচের একটু কম
- ধনের গুঁড়া: ১ চা-চামচ
- ডিম: ১টি
- জিরার গুঁড়া: ১ চা-চামচ
- গোলমরিচের গুঁড়া: সিকি চা-চামচ
- বিস্কুটের গুঁড়া: প্রয়োজনমতো
- লবণ: স্বাদমতো
- সাদা তিল: ২ টেবিল চামচ
- ভাজার জন্য তেল: প্রয়োজনমতো
- পুদিনাপাতা ও টকদইয়ের মিশ্রণ: প্রয়োজনমতো
প্রণালি
প্রথমে বেসন, ডিম, গোলমরিচ ও বিস্কুটের গুঁড়া বাদে বাকি সব উপকরণ দিয়ে কিমা সেদ্ধ করে নিতে হবে। এরপর মিহি করে বেটে নিতে হবে। এবার ডিমের কুসুম ও প্রয়োজনমতো বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এরপর কাবাবের আকার দিয়ে ভেতরে পুদিনাপাতা ও টকদই-মিশ্রিত পুর ভরে দিন। বিস্কুটের গুঁড়ার সঙ্গে সাদা তিল মিশিয়ে রাখুন।
এবার কাবাবগুলো ডিমের সাদা অংশে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে বাদামি করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু শিখমপুরি কাবাব।



