বিদেশে কুঁচিয়ার কদর, বাংলাদেশে কেন অবহেলা?
বিদেশে কুঁচিয়ার কদর, বাংলাদেশে কেন অবহেলা?

বাংলাদেশের বহু এলাকায় এখনো কুঁচিয়াকে অদ্ভুত বা অপছন্দের প্রাণী হিসেবেই দেখা হয়। ধানখেত, খাল কিংবা কাদামাটির পাশে হঠাৎ লম্বা ও পিচ্ছিল কিছু নড়াচড়া করতে দেখলে অনেকেই চমকে ওঠেন। দূর থেকে দেখে প্রথমে সাপ মনে হয়। কেউ লাঠি নিয়ে এগিয়ে যান, কেউ আবার ভয় পেয়ে দূরে সরে দাঁড়ান। কিন্তু কাছে গেলে বোঝা যায়, এটা আসলে সাপ নয়। এটি কুঁচিয়া।

কুঁচিয়া কেন ভয়ের?

কুঁচিয়াকে দেখলে ভয় পাওয়ার একটা কারণ আছে। এর শরীর লম্বা, পিচ্ছিল আর অনেকটা সাপের মতো। তবে এটি মাছ। বাংলাদেশে পরিচিত কুঁচিয়াগুলোর মধ্যে অন্যতম হলো Asian swamp eel। সাধারণ মাছের মতো এর শরীরে তেমন আঁশ দেখা যায় না। পাখনাও খুব স্পষ্ট নয়। রং সাধারণত বাদামি বা কালচে। এরা সাধারণত কাদা, বিল, জলাভূমি, ধানখেত কিংবা ছোট খালে থাকে। বর্ষাকালে পানি বাড়লে এদের বেশি দেখা যায়।

অদ্ভুত ক্ষমতা

কুঁচিয়ার আরেকটি অদ্ভুত ক্ষমতা আছে। পানি কমে গেলেও এটি সহজে মরে না। কাদার নিচে গর্ত করে অনেক সময় লুকিয়ে থাকে। অন্য অনেক মাছ যেখানে টিকে থাকতে পারে না, কুঁচিয়া সেখানে দিব্যি বেঁচে থাকে। বিজ্ঞানীরা বলেন, এরা কম অক্সিজেনেও টিকে থাকতে পারে। এ কারণেই শুকিয়ে যাওয়া জলাভূমিতেও কখনো কখনো কুঁচিয়াকে বেঁচে থাকতে দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রামের মানুষ কীভাবে ধরে?

গ্রামের অনেক মানুষ কাদা খুঁড়ে কুঁচিয়া ধরে। কোথাও কোথাও আবার বাঁশ দিয়ে বিশেষ ফাঁদও বানানো হয়। বর্ষার দিনে কুঁচিয়া ধরা অনেকের জন্য বাড়তি আয়ের পথ। কিছু এলাকায় ভোরবেলায় মানুষ টর্চলাইট নিয়ে কুঁচিয়া ধরতে বের হয়। বিশেষ করে বর্ষার রাত এদের ধরার ভালো সময় বলে মনে করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিদেশে কেন এত কদর?

বাংলাদেশে কুঁচিয়া খুব জনপ্রিয় খাবার না হলেও বিদেশে এর কদর অনেক। বিশেষ করে পূর্ব এশিয়ার কিছু দেশে এটি বেশ দামি খাবার হিসেবে পরিচিত। চীন ও কোরিয়ার বিভিন্ন রেস্তোরাঁয় কুঁচিয়া দিয়ে ঝাল রান্না, স্যুপ, ভাজা কিংবা গ্রিল করা খাবার তৈরি হয়। কিছু জায়গায় এটি বিশেষ অতিথিদের খাবার হিসেবেও পরিবেশন করা হয়। অনেকে মনে করেন, এতে প্রচুর প্রোটিন আছে। তাই এটি শক্তিবর্ধক খাবার হিসেবেও জনপ্রিয়।

বাংলাদেশ থেকেও প্রতিবছর প্রচুর কুঁচিয়া বিদেশে রপ্তানি হয়। দেশের দক্ষিণাঞ্চল, হাওর এলাকা ও কিছু জলাভূমি অঞ্চলের মানুষ কুঁচিয়া সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। পরে সেগুলো বিদেশে পাঠানো হয়। একসময় যেসব মানুষ কুঁচিয়াকে তেমন গুরুত্ব দিতেন না, এখন তাঁদের অনেকেই এটি ধরে বিক্রি করে আয় করছেন।

পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ

কুঁচিয়া শুধু খাবার হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, জলাভূমির পরিবেশের জন্যও দরকারি। এটি ছোট ছোট জলজ প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রাখতে সাহায্য করে। প্রকৃতিতে প্রতিটি প্রাণীর যেমন আলাদা ভূমিকা আছে, কুঁচিয়ারও তেমন একটি ভূমিকা আছে। কিন্তু বাংলাদেশে জলাভূমি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কুঁচিয়ার সংখ্যাও কমছে। খাল ভরাট, দূষণ, অতিরিক্ত মাছ ধরা আর ধানখেতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে এদের বাসস্থান নষ্ট হচ্ছে।

আগে গ্রামের অনেক খাল–বিলে সহজেই কুঁচিয়া দেখা যেত। এখন অনেক এলাকাতেই আগের মতো পাওয়া যায় না। বিশেষ করে শহরের আশপাশের জলাভূমিতে কুঁচিয়া প্রায় হারিয়েই গেছে। পরিবেশবিদেরা বলছেন, জলাভূমি হারিয়ে গেলে কুঁচিয়ার মতো অনেক প্রাণীও ধীরে ধীরে হারিয়ে যাবে।

কুঁচিয়া এমন এক প্রাণী, যাকে আমরা বেশির ভাগ সময় ভুল বুঝি। শুধু দেখতে আলাদা বলে অনেকেই এটিকে ভয় পায় বা অপছন্দ করে। কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে এটি বেশ চমৎকার এক প্রাণী। তথ্যসূত্র: অ্যানিমেলিয়া