বর্ষাকালে বা আর্দ্র আবহাওয়ায় অনেক সময় পেঁয়াজের শুকনো খোসার নিচে কালচে দাগ বা গুঁড়ার মতো দেখা যায়। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আতঙ্ক ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে স্বাভাবিক নিয়মে ধুলেও এই দাগ কিডনি বা লিভার নষ্ট করতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সব ক্ষেত্রে এটি এতটা বিপজ্জনক নয়।
কেন হয় এই দাগ?
সাধারণত এই কালো দাগ এক ধরনের ফাঙ্গাসের কারণে হয়, যা বেশিরভাগ সময় পেঁয়াজের বাইরের শুকনো স্তরের নিচেই সীমাবদ্ধ থাকে। আর্দ্র পরিবেশে এই ফাঙ্গাস দ্রুত বেড়ে ওঠে এবং পেঁয়াজের খোসায় কালো দাগ সৃষ্টি করে। তবে এটি ভেতরের অংশে প্রবেশ করে না যদি পেঁয়াজ শক্ত ও স্বাস্থ্যকর থাকে।
কখন বিপজ্জনক?
যদি পেঁয়াজের ভেতরের অংশ নরম, পচা বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং এড়িয়ে চলা উচিত। কিন্তু যদি দাগ শুধু ওপরে থাকে এবং ভেতরের অংশ শক্ত ও স্বাভাবিক থাকে, তাহলে আক্রান্ত বাইরের স্তর ফেলে দিয়ে বা ভালোভাবে ধুয়ে ব্যবহার করা যায়।
বিশেষজ্ঞরা আরও বলেন, পেঁয়াজ কেনার সময় খেয়াল রাখুন যেন খোসা অক্ষত থাকে এবং ভেতর শক্ত হয়। সংরক্ষণের সময় শুষ্ক ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। এতে ফাঙ্গাসের প্রকোপ কমবে।



