জর্জিনার জার্সিতে লুকানো কোটি টাকার ব্র্যান্ড প্রচারণা
জর্জিনার জার্সিতে কোটি টাকার ব্র্যান্ড প্রচারণা

কলম্বিয়া–পর্তুগাল ম্যাচটি হয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। দুদিন আগেই সেখানে উড়ে আসেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। এর আগে গত সপ্তাহেই পর্তুগালে রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের ১৬তম জন্মদিনের পার্টির আয়োজন করেন জর্জিনা। আর মা হিসেবে সেই দায়িত্ব পালনের পরই রোনালদো জুনিয়র ও ছোট ছেলে মাতেওকে সঙ্গে নিয়ে আজ তাঁকে দেখা গেল মায়ামিতে। ক্রিস্টিয়ানো রোনালদোকে কাছ থেকে উৎসাহ দিতে মাঠে এসেছিলেন তাঁরা।

ভিআইপি গ্যালারিতে জর্জিনার বিশেষ পোশাক

তবে অনেকে বলছেন, মায়ামির গ্যালারিতে জর্জিনা শুধু রোনালদোকে মানসিক সমর্থন দিতেই গিয়েছিলেন, বিষয়টি এতটাও সরল নয়। এর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি টাকার প্রচারণা। মাঠে এদিন রোনালদোর দুই সন্তান রোনালদো জুনিয়র ও মাতেও পরেছিল ‘রোনালদো’ লেখা ৭ নম্বর জার্সি। আর জর্জিনা বেছে নেন সাদা–কালো একটি জার্সি। সেখানেও ‘সেভেন’, মানে রোনালদোর জার্সি নম্বর।

কিন্তু ওপরে ‘রোনালদো’ না লিখে জর্জিনার জার্সিতে লেখা ছিল ‘মিমোয়া’। আর এই নাম নিয়েই অনেকের মনে কৌতূহল। দেশে দেশে টিভি চ্যানেলের ভিডিওতে দেখা যায় জর্জিনাকে, সেই সঙ্গে তাঁর জার্সিতে থাকা নামটিও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিমোয়া: জর্জিনার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড

স্প্যানিশ সংবাদমাধ্যম হোলা জানাচ্ছে, এভাবেই বিনা মূল্যে নিজের নতুন ব্র্যান্ড মিমোয়াকে বিশ্বের কাছে তুলে ধরলেন জর্জিনা। কোটি কোটি টাকা খরচ করেও যেখানে একটি নতুন ব্র্যান্ড মানুষের কাছে তুলে ধরতে হিমশিম খায় বড় কোম্পানি অথবা মার্কেটিং এজেন্সিগুলো, সেখানে মাত্র একটি ম্যাচেই কোটি মানুষের কাছে পৌঁছে গেছে মিমোয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিমোয়া মূলত জর্জিনা রদ্রিগেজের ফ্যাশন ব্র্যান্ড। যে ব্র্যান্ডের পোশাকগুলো জর্জিনার নিজের নকশা করা। মিমোয়া পরিচালনাও করছেন তিনি। মূলত অ্যাথলিজার (খেলাধুলা ও শরীরচর্চা) ধরনের পোশাক বাজারে আনছে ব্র্যান্ডটি। নারীদের জন্য এমন সব পোশাক ও ফ্যাশন পণ্য তৈরি করবে, যা আরামের পাশাপাশি তাঁদের আরও আকর্ষণীয় করে তুলবে বলে জানাচ্ছে মিমোয়া।

প্রশংসিত জর্জিনার পোশাক

ইতিমধ্যে অনেক ইনফ্লুয়েন্সার ও ফ্যাশন বিশ্লেষক মিমোয়া ব্র্যান্ড থেকে জর্জিনার পরা পোশাকটির প্রশংসা করেছেন। ভি–নেকের খাটো হাতার জার্সি স্টাইলের পোশাকটিকে চমৎকার বলেছেন তাঁরা। বিশেষ করে জর্জিনার গায়ে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকে।

সূত্র: হোলা ও ইনস্টাগ্রামের ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের ভিডিও