ফ্যাশনপ্রেমীদের জন্য বড় দিন ছিল ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর। তারকাদের রেড কার্পেটে হাঁটার দৃশ্য ছিল চোখ জুড়ানো। বিশেষ করে যেসব দম্পতি একসঙ্গে এসেছিলেন, তাঁদের সাজপোশাক ছিল আলাদা করে নজরকাড়া। এখানে রইল সেই দম্পতিদের কিছু ছবি ও পোশাকের বিবরণ।
অভিজাত আলমগীর-রুনা
কণ্ঠশিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর রেড কার্পেটে হাজির হন একসঙ্গে। আলমগীরের কাস্টম-মেড ব্লেজার ক্যাজুয়াল-ফরমাল আরামদায়ক ভাব এনেছে। রুনা লায়লা বরাবরের মতো খোলা কোঁকড়া চুলের সিগনেচার স্টাইলে উপস্থিত হয়েছিলেন। তাঁদের জুটি ছিল ভীষণ অভিজাত।
দেশি পোশাকে আফজাল-তাজিন
দেশীয় ঘরানার পোশাক পরে উপস্থিত হন আফজাল হোসেন-তাজিন হালিম দম্পতি। আফজাল পরেছিলেন কলকি নকশার পাঞ্জাবি আর তাজিন পরেছিলেন জামদানি। এই জুটির দেশি সাজ সবার নজর কেড়েছিল।
মিষ্টি দম্পতি প্রিয়ন্তী উর্বী– সালমান আহমেদ
মিষ্টি এই জুটি অনুষ্ঠানজুড়েই হাসিমুখে ঘুরে বেরিয়েছেন। প্রিয়ন্তী পরেছিলেন অফ হোয়াইট শাড়ি আর সালমান পরেছিলেন ব্লেজার। তাঁদের সরল কিন্তু মার্জিত সাজ ছিল দারুণ।
ছিমছাম জোভান-নির্জনা দম্পতি
অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা ছিলেন ছিমছাম সাজে। জোভানের পরনে ছিল গাঢ় নীল রঙের ওয়ান-বাটন ফরমাল স্যুট। স্ত্রী নির্জনা পরেছিলেন সালোয়ার–কামিজ। এই জুটি ছিল সরল কিন্তু স্টাইলিশ।
আরামদায়ক পোশাকে শাহেদ–দীপা
আরামদায়ক রঙের শার্ট পরে এসেছিলেন শাহেদ আলী। অভিনেত্রী দীপা খন্দকার এই বিশেষ আয়োজনে জামদানিকেই বেছে নিয়েছেন। মভ পিংক রঙের শাড়িটিতে ছিল সোনালি ও রোজ গোল্ড সুতার কাজ। তাঁদের সাজ ছিল আরামদায়ক ও সুন্দর।
চেনা সাজে রাফসান-জেফার
কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাবের অফ হোয়াইট রঙের স্যুটটি রুল মেকার ব্র্যান্ড থেকে নেওয়া। সংগীতশিল্পী জেফার রহমানের নজরকাড়া পোশাকটি ডিজাইন করেছে সাগুফতা আলীর ব্র্যান্ড মিজোঁ আমালি। এই জুটির সাজ ছিল আধুনিক ও চটকদার।
স্নিগ্ধ ত্রপা–আপন দম্পতি
ত্রপা মজুমদার পরেছিলেন সবুজ শাড়ি। আপন আহসান এসেছিলেন পাঞ্জাবির ওপর কোটি পরে। তাঁদের সাজ ছিল স্নিগ্ধ ও মনোমুগ্ধকর।



