পেশাদার সিভি তৈরির কৌশল: সফলতার প্রথম ধাপ
পেশাদার সিভি তৈরির কৌশল: সফলতার প্রথম ধাপ

সিভি বা জীবনবৃত্তান্তকে বলা হয় একজন প্রার্থীর ব্যক্তিগত পেশাগত পরিচয়পত্র। সিভিতে আপনার অতীত অভিজ্ঞতা, দক্ষতা ও অর্জনের একটি সংক্ষিপ্ত ও সুসংগঠিত সারাংশ প্রকাশিত হয়। করপোরেট জগৎ বা উচ্চশিক্ষার বৃত্তি—সব ক্ষেত্রেই এটি অপরিহার্য। একটি সিভি প্রথমত আপনাকে নিয়োগদাতার সামনে উপস্থাপন করে এবং আপনার সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। এটি নিয়োগকারীকে বোঝায় যে আপনি নির্দিষ্ট পদের জন্য কতটা যোগ্য। পাশাপাশি আপনার দক্ষতার সেট তাদের প্রতিষ্ঠানের প্রয়োজন মেটাতে সক্ষম কি না, তা জানারও সুযোগ করে দেয়। সিভি কেবল একটি তথ্যের তালিকা নয়; বরং আপনার পেশাদার ভাবমূর্তি তৈরির প্রথম ধাপ। একটি শক্তিশালী সিভি আপনাকে সাক্ষাৎকারের জন্য মনোনীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা শেষ পর্যন্ত চাকরির দরজা খুলে দেয়। এটি ছাড়া কোনো পেশাগত আবেদনই সম্পূর্ণ হয় না। একটি ভালো সিভি বা জীবনবৃত্তান্ত আপনার পেশাগত জীবনে নতুন সুযোগ এনে দিতে পারে। সিভি আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে একটি সংক্ষিপ্ত ফরম্যাটে তুলে ধরে। সিভি তৈরির ক্ষেত্রে কিছু কৌশল জানা জরুরি।

শিক্ষাজীবনে সিভির প্রস্তুতি

আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তখন থেকেই সিভির উপাদান সংগ্রহ শুরু করুন। এ পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা ও স্বেচ্ছাসেবামূলক কাজ মুখ্য। ভালো সিভি তৈরির ক্ষেত্রে শিক্ষাগত বিবরণে আপনার ডিগ্রি, প্রতিষ্ঠান, পাসের সন ও ফল উল্লেখ করুন। স্বেচ্ছাসেবামূলক কাজ হিসেবে বিভিন্ন ক্লাবে বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা যোগ করুন। কোনো অর্জন বা সাফল্য ও ভ্রমণের গল্প থাকলে তা লিখুন। এ ছাড়া সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণের তথ্য দিন। যদি কোনো একাডেমিক বা অন্য পুরস্কার পেয়ে থাকেন, তা যুক্ত করুন। বিশেষ দক্ষতা হিসেবে ভাষা, কম্পিউটার বা সফটওয়্যারের দক্ষতা তুলে ধরুন। এই ধাপের সিভি হবে মূলত আপনার শেখা ও অংশগ্রহণের প্রমাণপত্র।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম চাকরির জন্য সিভি

প্রথম চাকরির জন্য সিভিতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কাজ করার আগ্রহ ও সম্ভাবনা দেখাতে হবে। ক্যারিয়ারের লক্ষ্য সংক্ষেপে লিখতে হবে। আপনি কী চান ও কেন এই প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, তা লিখুন। যদি কোনো ইন্টার্নশিপ করে থাকেন, তার সময়, দায়িত্ব ও অর্জনগুলো স্পষ্ট করে লিখুন। বিশ্ববিদ্যালয়ে করা গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা থিসিসের কথা বলুন। সেখানে আপনার ভূমিকা কী ছিল, তা উল্লেখ করুন। সিভিতে সব তথ্যকে প্রাসঙ্গিক রাখুন। আপনার দক্ষতা কীভাবে এই চাকরির জন্য উপযুক্ত, তা দেখান। প্রথম চাকরিপ্রার্থীর সিভিতে সততা ও শেখার আগ্রহের প্রতিফলন থাকা চাই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিজ্ঞদের জন্য সিভি: নতুন সুযোগ তৈরি

তিন থেকে চার বছর চাকরি করার পর সিভির ফোকাস পরিবর্তন করতে হয়। এখন আর শিক্ষাগত যোগ্যতা মুখ্য নয়, অভিজ্ঞতা ও অর্জনই প্রধান। আপনার দায়িত্বের চেয়ে আপনি কী অর্জন করেছেন, তার ওপর বেশি জোর দিন। সংখ্যা ব্যবহার করুন। যেমন বিক্রি ২০ শতাংশ বাড়িয়েছি। প্রতিটি কাজের স্থান, পদের নাম, সময় ও প্রধান দায়িত্বগুলো সংক্ষেপে লিখুন। দল পরিচালনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো অভিজ্ঞতা তুলে ধরুন। আপনার নতুন শেখা সফটওয়্যার বা বিশেষায়িত দক্ষতার কথা বলুন। এই সিভি আপনার পেশাগত অগ্রগতি ও ভ্যালু অ্যাড করার ক্ষমতা তুলে ধরবে।

সিভিতে যা করা যাবে না

একটি পরিপূর্ণ সিভির জন্য যা এড়িয়ে চলবেন—বানান ভুল: কোনো অবস্থাতেই বানান ভুল করা যাবে না। এটি আপনার পেশাদারত্ব কমিয়ে দেয়। প্রয়োজন হলে ভালো ইংরেজি জানেন, এমন শিক্ষক বা বন্ধুর সহায়তা নিন। অপ্রাসঙ্গিক তথ্য: অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য (যেমন: ধর্ম, উচ্চতা) যোগ করা থেকে বিরত থাকুন। দীর্ঘ বক্তব্য: সিভি যেন দুই পাতার বেশি না হয়। অভিজ্ঞদের ক্ষেত্রেও চেষ্টা করুন সংক্ষিপ্ত রাখতে। পুরোনো স্টাইল: পুরোনো ধাঁচের ডিজাইন বা ফন্ট ব্যবহার করবেন না। আধুনিক ও পরিচ্ছন্ন ফরম্যাট ব্যবহার করুন।

হার্ভার্ড বিজনেস রিভিউ ভালো সিভিতে যেসব বৈশিষ্ট্য থাকে বলে মনে করে

হার্ভার্ড বিজনেস রিভিউ একটি সিভির কার্যকারিতা বাড়ানোর জন্য কিছু মানদণ্ড অনুসরণের কথা বলে। একটি মানসম্পন্ন সিভিতে নিয়োগদাতাকে আকৃষ্ট করার জন্য কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন।

১. অর্জনকেন্দ্রিক ভাষা ব্যবহার

একটি ভালো সিভি কেবল আপনার দায়িত্ব বা কর্তব্যগুলো তালিকাভুক্ত করে না; বরং আপনি কর্মজীবনে কী অর্জন করেছেন, তার ওপর জোর দেয়। সংখ্যা ও ডেটা ব্যবহার করে আপনার সাফল্যগুলো পরিমাপযোগ্যভাবে উপস্থাপন করুন। যেমন: দায়িত্ব ছিল না লিখে খরচ কমিয়েছি ১৫ শতাংশ লিখুন।

২. প্রাসঙ্গিকতা বজায় রাখা

আপনার সিভি অবশ্যই সেই নির্দিষ্ট চাকরির বিজ্ঞাপনের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে, যার জন্য আপনি আবেদন করছেন। অপ্রয়োজনীয় দক্ষতা বা বহু পুরোনো অভিজ্ঞতা বাদ দিয়ে সেসব অভিজ্ঞতা ও ক্ষমতা তুলে ধরুন, যা বর্তমান পদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৩. সুস্পষ্টতা ও সংক্ষিপ্ত

নিয়োগদাতারা প্রতিটি সিভিতে গড়ে মাত্র কয়েক সেকেন্ড সময় দেন। তাই আপনার সিভি হতে হবে স্বচ্ছ ও সংক্ষিপ্ত। সাধারণত এক থেকে দুই পৃষ্ঠার বেশি সিভি তৈরি করা উচিত নয়। জটিল বাক্য বা শব্দ ব্যবহার না করে সহজ ও সরাসরি ভাষা ব্যবহার করুন।

৪. পেশাদার ফরম্যাটিং

একটি ভালো সিভির বিন্যাস বা ফরম্যাটিং হতে হবে পরিষ্কার, সামঞ্জস্যপূর্ণ এবং দেখতে আরামদায়ক। মার্জিন, ফন্ট সাইজ ও স্পেসিংয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখুন। এটি আপনার পেশাদারত্বের ছাপ ফেলে।

৫. কর্মক্ষম ক্রিয়া (ইংরেজিতে অ্যাকশন ভার্ব) ব্যবহার

আপনার দায়িত্ব ও অর্জন বর্ণনা করার জন্য শক্তিশালী কর্মক্ষম ক্রিয়া (অ্যাকশন ভার্ব) ব্যবহার করুন। যেমন: ‘করতাম’ বা ‘সাহায্য করতাম’-এর পরিবর্তে ‘নেতৃত্ব দিয়েছি’, ‘সফল করেছি’, ‘উদ্ভাবন করেছি' বা ‘সমাধান করেছি', এমন শব্দ ব্যবহার করুন।

৬. মূল দক্ষতার (কি ওয়ার্ড) সংযোজন

অনেক কোম্পানি সিভি ফিল্টার করার জন্য সফটওয়্যার ব্যবহার করে। তাই চাকরির বিজ্ঞাপনে ব্যবহৃত মূল দক্ষতা ও শব্দগুলো আপনার সিভিতে অন্তর্ভুক্ত করুন। এটি আপনার সিভিকে স্ক্রিনিং প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে সাহায্য করে।

৭. ভুলত্রুটিমুক্ত ও নির্ভুল

একটি ভালো সিভি অবশ্যই বানান ও ব্যাকরণগত ভুলত্রুটিমুক্ত হতে হবে। একটি ভুল একটি খারাপ ছাপ তৈরি করতে পারে। জমা দেওয়ার আগে বারবার প্রুফ রিডিং করা জরুরি।

৮. ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের স্পষ্টতা

আপনার নাম, ফোন নম্বর, ই-মেইল ও লিংকডইন প্রোফাইলের মতো যোগাযোগের তথ্য সুস্পষ্টভাবে সিভির শীর্ষে উল্লেখ করুন। ব্যক্তিগত তথ্যে কেবল প্রয়োজনীয় দিকগুলো রাখুন।

৯. পেশাগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া

অভিজ্ঞ প্রার্থীদের জন্য সিভির একটি উল্লেখযোগ্য অংশ আপনার পেশাগত অভিজ্ঞতা ও অর্জনগুলোর জন্য বরাদ্দ করুন। শিক্ষা বা স্বেচ্ছাসেবামূলক কাজের চেয়ে অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিন।

১০. সহজ পাঠযোগ্যতা

আপনার সিভি যেন দ্রুত পড়া যায় এবং তথ্য সহজে খুঁজে পাওয়া যায়। বুলেট পয়েন্ট ব্যবহার করুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে হাইলাইট বা বোল্ড করে দিন। মনে রাখবেন, নিয়োগদাতার সময় বাঁচানোই আপনার লক্ষ্য।

টিপস

সিভি শুধু একটি কাগজ নয়, এটি আপনার তথ্যভান্ডার। একটি প্রতিষ্ঠান কেন আপনাকে কর্মী হিসেবে নিয়োগ দেবে, সিভি সেই সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কিছু বিষয় সিভি তৈরির সময় মাথায় রাখতে হবে।

  • ইউরোপাস সিভি: ইউরোপাস সিভি ফরম্যাট আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর সুনির্দিষ্ট কাঠামো আপনার তথ্যগুলোকে গুছিয়ে উপস্থাপন করতে সাহায্য করে। এই ফরম্যাট অনুসরণ করা পেশাদারির প্রতীক।
  • চাকরির বিজ্ঞাপনের সঙ্গে মিল: আপনার সিভি প্রতিটি চাকরির বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা অনুযায়ী কিছুটা পরিবর্তন করুন। বিজ্ঞাপনে চাওয়া দক্ষতাগুলো আপনার সিভিতে হাইলাইট করুন।
  • মৌখিক প্রস্তুতি: সিভিতে আপনি যা লিখেছেন, সে বিষয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী থাকুন। মৌখিক পরীক্ষার সময় যেন আপনার সিভির প্রতিটি বাক্যকে সমর্থন করতে পারেন।
  • সাক্ষাৎকার প্রস্তুতি: সিভিতে উল্লেখিত অর্জনের পেছনের গল্পগুলো গুছিয়ে রাখুন। প্রতিটি পয়েন্ট যেন উদাহরণসহ ব্যাখ্যা করতে পারেন।