পিয়াস মজিদের নতুন কবিতার বই আসছে বইমেলায়
অমর একুশে বইমেলায় কবি পিয়াস মজিদের দুটি নতুন কবিতার বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। কবি প্রকাশনী থেকে প্রকাশিত হবে 'তারাঝরা অনাথ আকাশে' নামের টানাগদ্যকবিতার বই এবং গ্রন্থিক থেকে প্রকাশ পাবে '০১ পেগ বুকোস্কি এবং আরও ০৭টি' নামের আটটি দীর্ঘকবিতার সংকলন।
কবির বিশ বছরের কবিতাচর্চার নমুনা
পিয়াস মজিদ জানান, নতুন বইগুলোতে তিনি নিজের এতদিনকার কবিতারুচিকে একটু নতুন করে ঝালিয়ে নিতে চেয়েছেন। কবিতার সংকলনগুলোতে তার কুড়ি বছরের কবিতাচর্চার নমুনা গুচ্ছিত হয়েছে। তিনি বলেন, 'এই সময়ের কবিতা দুর্বোধ্য' এই অভিযোগ খারিজ করে তার নতুন বইগুলো হয়তো বলতে চাইবে 'অতি দুর্বোধ্য সময়কে সংবেদী ভাষা ও প্রকরণে ধরতে চেয়েছি আমরা।'
অন্যান্য প্রকাশনা ও পুনর্মুদ্রণ
বইমেলার ঠিক আগে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে পিয়াস মজিদের 'নির্বাচিত কবিতা'। সহসাই বেঙ্গলবুকস থেকে আলমগীর মোহাম্মদের অনুবাদে কবিতার ইংরেজি সংকলন 'New normal and other poems' প্রকাশিত হবে। এছাড়া জ্ঞানকোষ থেকে পুনর্মুদ্রণ হচ্ছে ২০১৩ সালে প্রকাশিত তার তৃতীয় কবিতাবই 'গোধূলিগুচ্ছ'।
বইমেলা নিয়ে কবির মতামত
বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে পিয়াস মজিদ বলেন, 'উদ্ভূত পরিস্থিতিতে করোনার সময়েই মেলা সঠিক সময়ে করা যায়নি। এবারও হয়তো জাতীয় নির্বাচন ও রমজানের কারণে সময়সূচি নিয়ে নতুন করে সিদ্ধান্ত এসেছে। তবে অমর একুশে বইমেলা নিয়ে আমাদের যে আবেগ ও আগ্রহ তা যে কোনো প্রতিবন্ধক দূর করবে বলে বিশ্বাস করি।'
রমজান ও বইমেলার প্রভাব
রমজানের কারণে মেলায় প্রভাব পড়া সম্পর্কে কবি বলেন, 'রমজানে বইমেলা যতটুকু জানি নব্বই দশকেও কয়েকবার পড়েছে। আগামী কয়েক বছরও তো মেলায় রমজান পড়বে। এক্ষেত্রে তাই করার তেমন কিছু নেই বোধ করি। এবারের মেলায় প্রভাব কেমন পড়বে, সে বিষয়ে আমিও ধারণা করতে পারছি না তেমন।'
বইমেলার মানোন্নয়ন ও ডিজিটাল ডেটাবেইজ
একটি সুন্দর বইমেলা আয়োজন সম্পর্কে পিয়াস মজিদের পরামর্শ হলো বইয়ের ক্রমাগত মানোন্নয়ন। তিনি বলেন, 'বইমেলার পরিসর তো দিন দিন বাড়ছে কিন্তু বইমেলার মূল প্রাণ স্থানিক অবয়ব না বরং বইয়ের মান নিশ্চিতকরণ। যেনতেনভাবে মেলা ধরার জন্য যা খুশি বই করার প্রবণতা বন্ধ হোক।'
বইমেলায় এবং সারা বছর প্রকাশিত বইয়ের ডিজিটাল ডেটাবেইজ সংরক্ষণ সম্পর্কে তিনি জানান, বাংলা একাডেমি মেলায় প্রতিদিন প্রকাশিত বইয়ের তথ্য সংরক্ষণ করে গণমাধ্যমে প্রেরণ করে। জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভস সারা বছর প্রকাশিত বইয়ের তথ্য সংরক্ষণ করে।
পাঠক-লেখক সম্পর্কের চিরকালীন সত্য
বইমেলায় পাঠক-লেখক সম্পর্ক সম্পর্কে পিয়াস মজিদ বলেন, 'যেসব পাঠক-লেখক মেলায় আসছেন তাদের মধ্যে তো মুখোমুখি যোগাযোগ হচ্ছে। যে লেখক মেলায় আসতে পারছেন না বয়সের কারণে, প্রবাসে বা দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসের কারণে তার সঙ্গে পাঠকের যোগাযোগ হচ্ছে তো কেবল বইয়ের মাধ্যমে।' তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সৈয়দ ওয়ালীউল্লাহ, হুমায়ূন আহমেদ, শহীদ কাদরী বা শহীদুল জহিরের মতো লেখকরা প্রত্যক্ষভাবে মেলায় আসছেন না, কিন্তু মেলা থেকে পাঠক তাদের বই সংগ্রহ করছেন। সুতরাং বইটাই পাঠক-লেখক যোগাযোগের ক্ষেত্রে মুখ্য এবং চিরকালীন সত্য।
