বহুমাত্রিক বাংলাদেশের প্রত্যাশায় শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৬
নানা সংকট ও বাধা অতিক্রম করে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টায় বইমেলার উদ্বোধন করেন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করেন।
মেলার সময়সূচি ও মূল প্রতিপাদ্য
২০২৬ সালের বইমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বহুমাত্রিক বাংলাদেশ। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
প্রকাশনা প্রতিষ্ঠান ও স্টল বিন্যাস
এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান অবস্থান করছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরের আয়োজন করা হয়েছে, যেখানে ৮৭টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
জিরো ওয়েস্ট বইমেলা ও পরিবেশ সুরক্ষা
এবার অমর একুশে বইমেলাকে জিরো ওয়েস্ট বইমেলায় পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বইমেলা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। মেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধুলাবালু নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো হবে এবং মশকনিধনের সার্বিক ব্যবস্থা থাকবে।
বাইমেলা ও পার্শ্ববর্তী এলাকার সব স্টল, দোকান, মঞ্চ, ব্যানার, লিফলেট, প্রচারপত্র, ফাস্ট ফুড, কফি শপ, খাবার দোকান ইত্যাদি প্রস্তুত করতে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ— পাট, কাপড়, কাগজ ইত্যাদির ব্যবহার করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রবেশ-প্রস্থান ও সুযোগ-সুবিধা
মেলায় প্রবেশ-প্রস্থানের জন্য টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট চারটি পথ রাখা হয়েছে। খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলায় আগত মুসল্লিদের জন্য তারাবিহ নামাজের সুব্যবস্থা থাকবে।
শিশুপ্রহর ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অমর একুশে বইমেলায় এবার শিশুচত্বর থাকবে প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত। শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট থাকবে। বইমেলার মূল মঞ্চে প্রতিদিন বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিষয়ভিত্তিক সেমিনার এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
নিরাপত্তা ব্যবস্থা
বইমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্তসংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এলাকাজুড়ে পর্যাপ্ত ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
নতুন পুরস্কার প্রবর্তন
বইমেলায় এবার নতুন পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠানের ২০২৫ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রবর্তন হচ্ছে সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার নামে একটি নতুন পুরস্কার, যা ২০২৪ বা ২০২৫ সালে মেলায় প্রথম অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত।
প্যাভেলিয়ন না রাখার সিদ্ধান্ত
অমর একুশে বইমেলা পিছিয়ে দেওয়ার দাবি জানানো ৩৫০ প্রকাশনা প্রতিষ্ঠান অবশেষে মেলায় অংশ নিচ্ছে। মেলায় অংশ নিতে দেরি হওয়ায় ৩৫০ প্রকাশনার মধ্যে কোনও প্রতিষ্ঠান প্যাভেলিয়ন করতে পারবে না। ফলে এবার বইমেলায় প্যাভেলিয়ন না রাখার শর্ত দেয় প্রকাশক ঐক্য, যা বাংলা একাডেমি মেনে নিয়ে সমস্যার সমাধান করে।
