প্রযুক্তির ছোঁয়ায় ঈদের ট্রেনযাত্রায় বড় পরিবর্তন
ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ আপনজনের কাছে ছুটছেন। বরাবরের মতো রেলস্টেশনগুলোতে ভিড় থাকলেও প্রযুক্তির অগ্রগতিতে এবার ঈদযাত্রার চিত্রে এসেছে বড় পরিবর্তন। স্মার্টফোন ও ডিজিটাল সেবার বিস্তারে ট্রেন ভ্রমণ এখন আগের তুলনায় অনেক বেশি সহজ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হয়ে উঠেছে।
অনলাইন টিকিটিংয়ে বদলে গেছে যাত্রীর অভিজ্ঞতা
একসময় ঈদের ট্রেনের টিকিট পেতে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। সেই ভোগান্তি এখন অনেকটাই কমেছে। যাত্রীরা ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করছেন। বর্তমানে রেলওয়ের নিজস্ব অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অধিকাংশ টিকিট বিক্রি করা হচ্ছে।
ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের যাত্রী সুমন বলেন, ‘আগে ভোরে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়েও অনেক সময় টিকিট পাওয়া যেত না। এখন অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা অনেক সহজ হয়েছে।’
একই ট্রেনের আরেক যাত্রী মাসুমা আমির বলেন, ‘আগে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করা ছিল কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। এখন ঘরে বসেই টিকিট পাওয়া গেলেও চাহিদা বেশি থাকায় খুব দ্রুত টিকিট শেষ হয়ে যায়।’
যাত্রাপথে স্মার্টফোন ও ইন্টারনেটের ভূমিকা
শুধু টিকিট সংগ্রহ নয়, পুরো যাত্রাপথেই এখন প্রযুক্তির উপস্থিতি স্পষ্ট। দীর্ঘ ভ্রমণ আর একঘেয়ে মনে হয় না। যাত্রীরা ট্রেনে বসেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন, ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলছেন বা সিনেমা ও অনলাইন ভিডিও দেখে সময় কাটাচ্ছেন। তরুণদের মধ্যে বিশেষ করে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
টিকিট কেনা থেকে শুরু করে যাত্রাপথে বিভিন্ন খরচ, সব ক্ষেত্রেই এখন মোবাইল ব্যাংকিং সেবার ব্যবহার বেড়েছে। বিকাশ, নগদের মতো সেবার মাধ্যমে সহজেই টাকা পাঠানো, খাবারের বিল পরিশোধসহ ছোটখাটো লেনদেন করা যাচ্ছে। ফলে নগদ টাকার ওপর নির্ভরতা কমে এসেছে এবং ভ্রমণ হয়েছে আরও ঝামেলামুক্ত।
ওয়াই-ফাই সুবিধা ও লাইভ ট্র্যাকিংয়ের সংযোজন
ঈদযাত্রায় প্রযুক্তির নতুন সংযোজন হিসেবে কিছু আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ওয়াই-ফাই সুবিধা। পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেসের মতো ট্রেনে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যাত্রীরা ভ্রমণের পুরো সময়জুড়ে তুলনামূলক স্থিতিশীল ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। ফলে অনলাইন যোগাযোগ ও বিনোদনে আগের মতো বিঘ্ন ঘটছে না।
প্রযুক্তির আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো লাইভ ট্রেন ট্র্যাকিং সেবা। ‘বিআর এক্সপ্লোরার’ অ্যাপের মাধ্যমে যাত্রীরা স্বল্প খরচে ট্রেনের বর্তমান অবস্থান জানতে পারছেন। এতে স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন কমেছে। ট্রেনের সময়সূচি ও বিলম্ব সম্পর্কে আগাম ধারণা পাওয়ায় যাত্রীরা পরিকল্পনা করে স্টেশনে যেতে পারছেন।
সীমাবদ্ধতা ও সতর্কতা
দেশের সব রুটে এখনো সমানভাবে উন্নত ইন্টারনেট সুবিধা পৌঁছায়নি। ফলে অনেক এলাকায় ট্রেন চলাচলের সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে, যা অনলাইন সেবায় বিঘ্ন সৃষ্টি করে।
এ ছাড়া ঈদের সময় অতিরিক্ত চাহিদার কারণে অনলাইন টিকিট দ্রুত শেষ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, অনুমোদিত অ্যাপ বা প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও থেকে টিকিট কিনলে প্রতারণার ঝুঁকি রয়েছে।
সব মিলিয়ে প্রযুক্তির ছোঁয়ায় ঈদের ট্রেনযাত্রা এখন আর শুধু ভোগান্তির নয়; বরং স্বস্তি, সংযোগ ও আধুনিকতার এক নতুন অভিজ্ঞতায় রূপ নিয়েছে।
