চার দিনের ছুটি শেষ, ঢাকায় ফিরছে কর্মজীবীরা, গণপরিবহনে ভীড়
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবীরা, গণপরিবহনে ভীড়

চার দিনের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবীরা

টানা চার দিনের ছুটি শেষ হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে খুলছে অফিস-আদালত। এ কারণে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন ঢাকা অনেকটা গণপরিবহনশূন্য থাকলেও আজ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

গাবতলীতে রাত থেকেই বাড়ছে ভীড়

গাবতলী বাস টার্মিনালে রাত থেকেই ঢাকায় ফেরা মানুষের ভীড় ক্রমাগত বাড়ছে। উত্তরের জেলাগুলো থেকে মানুষ ফিরছে। যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছিল যাত্রীদের। ফেরার পথেও নির্ধারিত ভাড়ার চাইতে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিতে হচ্ছে। রাজশাহী থেকে ফেরা আবদুল হান্নান বলেন, "নির্ধারিত ভাড়া নন এসি ৭০০ থেকে ৮০০ টাকা হলেও ১ হাজারের নিচে কোনও টিকিট নাই। যারা আসছেন সবাই এভাবেই আসছেন।"

তিনি আরও বলেন, "ছুটির কারণে বাড়ি গিয়েছিলেন। এখন ফিরলাম। যাওয়ার সময় বিড়ম্বনা হলেও আসার সময় ভালোভাবেই আসতে পেরেছি।" নাটোর থেকে ফেরা সেলিমও একই কথা জানিয়েছেন। টিকিটের দাম একটু বেশি নিলেও বাকি সব ঠিক ছিল।

অন্যান্য টার্মিনালেও ভীড়

গাবতলী ছাড়াও মহাখালী, আব্দুল্লাহপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভীড় রয়েছে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন গন্তব্য থেকে কর্মক্ষেত্র ফিরছে লোকজন।

গণপরিবহন স্বাভাবিক হচ্ছে

অন্যদিকে গত কয়েকদিন ঢাকায় গণপরিবহন একেবারে ছিল না বললেই চলে। নির্বাচনের কারণে গাড়ি রিকুইজিশনে ছিল। তবে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে গাড়ি চলাচল করছে। সেই সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের সংখ্যাও বেড়েছে। রাজধানীর গুলিস্তান থেকে বাড্ডা, রামপুরা হয়ে উত্তরা আব্দুল্লাহপুর, গাজীপুর চৌরাস্তা, মহাখালী হয়ে উত্তরা আব্দুল্লাহপুর এবং মিরপুর রুটে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকায় ফেরা মানুষের ভীড় ছিল বলেও জানা গেছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ছিল। এছাড়া ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা চার দিনের ছুটির কবলে ছিল দেশ।