লক্ষ্মীপুরের ‘মিনি কক্সবাজার’: মেঘনা পাড়ে পর্যটকদের ভিড়
লক্ষ্মীপুরের ‘মিনি কক্সবাজার’: মেঘনা পাড়ে পর্যটকদের ভিড়

বিস্তীর্ণ নদী, দিগন্তজোড়া জলরাশি, নদীর ঢেউ ও মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন মানুষ। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারের মেঘনা নদীর পাড় এখন স্থানীয়দের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। প্রথম দেখায় অনেকেই ভাবতে পারেন, এটি কোনো সমুদ্রসৈকত।

পর্যটকদের আকর্ষণ

গত শুক্রবার বিকেলে দেখা যায়, পশ্চিম আকাশে সূর্যের লালচে আভা ছড়িয়ে পড়েছে মেঘনার বুকে। নদীর পাড়জুড়ে মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ পরিবার নিয়ে গল্পে মগ্ন, কেউ আবার ট্রলারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন নদীতে। ঈদ, সরকারি ছুটি কিংবা অন্য কোনো উৎসবে এখানে মানুষের ঢল নামে। লক্ষ্মীপুর ছাড়াও নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ছুটে আসেন।

নোয়াখালী থেকে বন্ধুদের নিয়ে ঘুরতে আসা তুষার মাহমুদ বলেন, ‘ফেসবুকে এ জায়গার ভিডিও দেখেছিলাম। এরপর থেকেই এখানে আসার ইচ্ছে ছিল। ঈদের ছুটিতে বন্ধুদের নিয়ে এলাম। অনেক দিন পর এমন খোলামেলা পরিবেশে এসে ভালো লাগছে। নদীর বাতাস আর সূর্যাস্ত মিলিয়ে জায়গাটা সত্যিই দারুণ।’ চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আসা রাজু আহমেদ বলেন, ‘মেঘনার পাড়ে এসে মনে হচ্ছে যেন ছোট্ট একটা সমুদ্রসৈকতে আছি। বিশেষ করে বিকেলের দৃশ্যটা খুব সুন্দর।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপত্তা ঝুঁকি

আলেকজান্ডার মেঘনাপাড়ের মূল আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য। বিস্তীর্ণ নদী, দিগন্তজোড়া জলরাশি, নদীর ঢেউ, শীতল বাতাস ও মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন মানুষ। বিকেলে নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্য ডোবার দৃশ্য দেখে মুগ্ধ হন অনেকেই। পাশাপাশি ট্রলার বা স্পিডবোটে নদী ভ্রমণ, দূরে জেগে ওঠা চর দেখা, জেলেদের মাছ ধরা উপভোগ করার দৃশ্যও পর্যটকদের টানে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে ঝুঁকিও। সরেজমিনে দেখা যায়, পর্যটক বহনকারী বেশির ভাগ ট্রলার ও স্পিডবোটে পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রী নেই। অনেক ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী নিয়েও নৌভ্রমণ করানো হয়। নদীপাড়ে পর্যাপ্ত বসার ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচাগারও নেই।

স্থানীয় বাসিন্দা শিক্ষক মুকুল চৌধুরী বলেন, ‘নদীভাঙন ঠেকাতে নির্মিত বাঁধের কারণেই এখানে বেলাভূমির মতো পরিবেশ তৈরি হয়েছে। জায়গাটি এখন মানুষের বিনোদনের কেন্দ্র। কিন্তু সংরক্ষণ ও পরিকল্পনা ছাড়া এটি টেকসই হবে না।’ ষাটোর্ধ্ব মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, ‘লক্ষ্মীপুরে বিনোদনের জায়গা খুব বেশি নেই। তাই মানুষ পরিবার নিয়ে এখানে আসে। পর্যটকদের জন্য বসার জায়গা, শৌচাগার ও নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।’

প্রশাসনের পদক্ষেপ

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘আলেকজান্ডারে পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ট্রলার ও স্পিডবোটে নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পর্যটকদের সুবিধার্থে স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।’

যেভাবে যাবেন

লক্ষ্মীপুর জেলা শহর থেকে আলেকজান্ডার মেঘনাপাড়ের দূরত্ব প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার। লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়ক ধরে বাস বা সিএনজিচালিত অটোরিকশায় যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। নোয়াখালীর মাইজদী থেকে আলেকজান্ডারের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। উন্নত সড়ক যোগাযোগের কারণে স্বল্প সময়েই সেখানে পৌঁছানো যায়। আলেকজান্ডার বাজার বা উপজেলা পরিষদ এলাকায় পৌঁছানোর পর কিছুক্ষণ হাঁটলেই বিস্তীর্ণ এ জায়গার দেখা মিলে।