একটি গাছ লাগানো খুব সাধারণ একটি কাজ। কিন্তু যখন সেই গাছ বাবা আর মেয়ে একসঙ্গে লাগান, তখন সেটি আর শুধু একটি গাছ থাকে না—সেটি হয়ে ওঠে ভালোবাসার জীবন্ত সাক্ষী। বাবা ও মেয়ে দুজনে মিলে মাটি সরাচ্ছেন, চারা বসাচ্ছেন, যত্ন করে শিকড় ঢেকে দিচ্ছেন। হয়তো ছোট্ট মেয়েটি এখনো বোঝে না, এই মুহূর্তে সে শুধু একটি গাছ নয়, নিজের শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি রোপণ করছে।
শৈশব খুব দ্রুত ফুরিয়ে যায়
একদিন যে মেয়েটি বাবার আঙুল ধরে হাঁটতে শেখে, একদিন সেই মেয়েই নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করে। সময়ের নিয়মে দূরত্ব বাড়ে, ব্যস্ততা বাড়ে, কথার পরিমাণ কমে যায়। কিন্তু কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না। এই গাছ ঠিক তেমনই একটি স্মৃতি। বছর দশেক পরে হয়তো এই গাছের ডালপালা আরও ছড়িয়ে পড়বে। ছায়া দেবে, ফুল দেবে, ফল দেবে। সেই ছায়ার দিকে তাকিয়ে হয়তো মেয়েটির মনে পড়বে—একদিন বাবা বলেছিলেন, ‘গাছকে ভালোবাসতে শেখো, প্রকৃতিকে ভালোবাসতে শেখো।’
শিশুরা উপহার নয়, সময় মনে রাখে
আজ যে গাছ মাটির বুকে শিকড় ছড়াচ্ছে, ঠিক তেমনি এই মুহূর্তও শিকড় গেড়ে বসছে একটি ছোট্ট হৃদয়ে। বছর কুড়ি পরে হয়তো বাবা পাশে থাকবেন না। কিন্তু গাছটি থাকবে, তার ছায়া থাকবে, পাতার মর্মর শব্দ থাকবে। আর প্রতিটি বাতাস যেন ফিসফিস করে বলবে—‘তোমার বাবার ভালোবাসা এখনো তোমার সঙ্গে আছে...’
জীবনের সবচেয়ে সুন্দর উত্তরাধিকার
জীবনের সবচেয়ে সুন্দর উত্তরাধিকার জমি, বাড়ি কিংবা অর্থ নয়। সবচেয়ে বড় উত্তরাধিকার হলো সন্তানের মনে রেখে যাওয়া কিছু ভালোবাসার স্মৃতি, কিছু শেখানো মূল্যবোধ, আর এমন কিছু মুহূর্ত, যেগুলো কখনো পুরোনো হয় না। আমরা প্রায়ই ভাবি, সন্তানদের জন্য বড় উপহার মানেই দামি কিছু। অথচ সন্তানেরা বড় হয়ে মনে রাখে না, কোন খেলনাটি সবচেয়ে দামি ছিল, কোন পোশাকটি সবচেয়ে সুন্দর ছিল। তারা মনে রাখে—বাবার কাঁধে চড়ে সূর্যাস্ত দেখা, হাত ধরে হাঁটা, একসঙ্গে হাসতে হাসতে মাটিতে হাত ডুবিয়ে একটি গাছ লাগানো। কারণ বস্তু নয়, মুহূর্তই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ।
স্মৃতি চিরকাল বেঁচে থাকে
একদিন এই ছোট্ট মেয়েটি বড় হবে। হয়তো নিজের সন্তানকে নিয়ে এই গাছের নিচে দাঁড়াবে। তখন সে গল্প করবে—‘এই গাছটা আমি আমার বাবার সঙ্গে লাগিয়েছিলাম। বাবা বলতেন, মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়—কখনো সন্তানের হৃদয়ে, কখনো একটি গাছের পাতায়।’ সত্যিই তো, মানুষ চিরদিন বেঁচে থাকে না। কিন্তু কিছু ভালোবাসা বেঁচে থাকে ছায়া হয়ে, বাতাস হয়ে, স্মৃতি হয়ে।
তাই আজ যদি সুযোগ থাকে, সন্তানের হাতটা আরেকটু শক্ত করে ধরুন। একসঙ্গে একটি গাছ লাগান। কারণ, আপনি শুধু পৃথিবীকে সবুজ করবেন না, সন্তানের হৃদয়ে এমন একটি স্মৃতি রোপণ করবেন, যা সময়ের কোনো ঝড়ই উপড়ে ফেলতে পারবে না। একদিন হয়তো এই গাছের ছায়াতেই সে বুঝবে—বাবা শুধু একটি গাছ লাগাননি, তাঁর ভালোবাসাকেও শিকড় গেড়ে দিয়ে গেছেন। হয়তো একদিন এই গাছের ছায়ায় দাঁড়িয়েই সে বলবে—‘আমার জীবনের সবচেয়ে সুন্দর বিকেলগুলোর একটি ছিল, যেদিন আমি বাবার সঙ্গে একটি গাছ লাগিয়েছিলাম।’
লেখক: সহসভাপতি, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ



