নবীজির প্রিয় গাধা ইয়াফুর: বিশ্বস্ত বার্তাবাহকের বিরহময় বিদায়
নবীজির প্রিয় গাধা ইয়াফুরের বিরহময় বিদায়

নবীজির প্রতি প্রাণিকুলের অগাধ ভালোবাসা

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র সৃষ্টিজগতের জন্য আল্লাহর এক বিশেষ রহমত। তাঁর অসীম মমতা ও স্নেহ শুধু মানুষকেই নয়, বরং পশুপাখি ও নির্বাক জীবজন্তুকেও আশ্রয় দিয়েছে। নবীজির প্রতি প্রকৃতির এই অবোধ প্রাণিকুলের ভালোবাসা ছিল অত্যন্ত গভীর ও বিস্ময়কর, যা অনেক সময় মানুষের অনুরাগকেও হার মানাত।

মিসরের বাদশাহর উপহার ও রাজনৈতিক দূরদর্শিতার অভাব

হোদাইবিয়ার সন্ধির পর নবীজি (সা.) বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছে পত্র পাঠান। তাঁদের মধ্যে মিসরের বাদশাহ মুকাওকিস অন্যতম। সাহাবি হাতিব ইবনে আবি বালতাআ (রা.)-কে দূত হিসেবে পাঠানো হয় মুকাওকিসের কাছে। মুকাওকিস অত্যন্ত ধীমান ছিলেন এবং ইঞ্জিল কিতাবের জ্ঞান রাখতেন। তাই নবীজির সত্যতা সম্পর্কে নিশ্চিত হলেও মসনদ হারানোর ভয়ে তিনি ইসলাম গ্রহণ থেকে বিরত থাকেন।

তবে তিনি নবীজির জন্য কিছু উপঢৌকন পাঠান, যাতে ছিল স্বর্ণ, মোলায়েম কাপড়, নিজস্ব খচ্চর দুলদুল এবং ‘ইয়াফুর’ নামের একটি গাধা। হাতিব (রা.) যখন উপহারসামগ্রী নিয়ে মদিনায় ফিরে আসেন, তখন নবীজি (সা.) মুকাওকিসের রাজনৈতিক দূরদর্শিতার অভাব দেখে মন্তব্য করেছিলেন যে তাঁর রাজত্ব টিকবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইয়াফুর: নবীজির বিশ্বস্ত বার্তাবাহক

মিসরের বাদশাহর দেওয়া ইয়াফুর গাধাটি নবীজি নিজের কাছে রেখে দিয়েছিলেন। ইয়াফুরকে দিয়ে নবীজি অনেক সময় সংবাদ আদান-প্রদানের কাজ নিতেন। মাঝেমধ্যে তিনি বলতেন, ‘যাও, আবু বকরকে ডেকে নিয়ে এসো’। ইয়াফুর নবীজির কথামতো তাঁর ঘরের সামনে গিয়ে ইশারা করত। ইশারা দেখে তিনি বুঝে ফেলতেন যে নবীজি তাঁকে ডেকে পাঠিয়েছেন। এভাবেই ইয়াফুর অন্য সাহাবিদের কাছেও অত্যন্ত পরিচিত ও প্রিয় হয়ে উঠেছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নবীজির ইন্তেকাল ও ইয়াফুরের বিরহময় বিদায়

নবীজির ইন্তেকালের পর মদিনাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সাহাবিরা ধীরে ধীরে সেই শোক কাটিয়ে উঠলেও ইয়াফুরের শোক বুঝি কাটছিল না। একদিন একটি কূপের মধ্যে লাফ দিয়ে ইয়াফুর এই পৃথিবী থেকে বিদায় নেয়। হতে পারে ইয়াফুরের এই আত্মবিসর্জন নবীজির প্রতি সৃষ্টির সেই অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।

কারণ, যে ইয়াফুর একদিন নবীজির ইশারায় বার্তাবাহক হয়ে সাহাবিদের দুয়ারে দুয়ারে ছুটত, প্রিয় অভিভাবকের বিদায়ের পর তার কাছে এই পৃথিবী অর্থহীন হয়ে পড়া অসম্ভব নয়। ইলিয়াস মশহুদ: আলেম, লেখক ও অনুবাদক।