তাড়াহুড়োপ্রিয় মানসিকতা সামলাতে ইসলামের দিকনির্দেশনা
তাড়াহুড়োপ্রিয়তা সামলাতে ইসলামের সমাধান

তাড়াহুড়োপ্রিয় মানসিকতা: আমাদের সাধারণ সমস্যা

প্রজেক্ট জমা দেওয়ার পর বসের রিভিউ আসতে দেরি হলে অস্থির লাগে। পরীক্ষা দিয়ে ফল প্রকাশে বিলম্ব হলে ঘুম হারাম হয়ে যায়। স্টার্টআপে বিনিয়োগ করে ছয় মাসেও রিটার্ন না পেলে মাথায় চাপ বাড়ে। মার্কেটিং ক্যাম্পেইন চালানোর এক সপ্তাহ পরও বিক্রি না বাড়লে হতাশা ঘিরে ধরে। এই 'এখনই ফলাফল চাই' এমন মানসিকতা আমাদের সবার মধ্যেই কমবেশি রয়েছে। প্রশ্ন হলো, এই তাড়াহুড়োপ্রিয় প্রবণতা আমরা কীভাবে সামলাব? পবিত্র কোরআন এই প্রশ্নের চমৎকার ও কার্যকরী সমাধান দিয়েছে।

কোরআনের দৃষ্টিতে মানুষের তাড়াহুড়োপ্রিয়তা

সুরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেছেন, 'মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো দিয়ে।' (সুরা আম্বিয়া, আয়াত: ৩৭)। লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ এখানে বলছেন না যে তাড়াহুড়ো করা গুনাহের কাজ; বরং তিনি স্পষ্ট করছেন যে এটি মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে মানুষের সহজাত প্রকৃতিতেই তাড়াহুড়ো রয়েছে। সে দ্রুত ফলাফল চায়, যা তার সৃষ্টিগত ধর্ম, দোষ নয়। (তাফসির আল-কুররআন আল-আজিম, বৈরুত: দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, ২০০০, ৩/১৭৪)।

সুরা ইসরায় আল্লাহ আরও স্পষ্ট ভাষায় বলেছেন, 'মানুষ তো তাড়াহুড়োকারী।' (সুরা ইসরা, আয়াত: ১১)। অর্থাৎ, তাড়াহুড়ো করা মানুষের মৌলিক স্বভাবের অংশ, কিন্তু সমস্যা তখনই সৃষ্টি হয় যখন এটি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাড়াহুড়ো কখন ক্ষতিকর হয়?

ইমাম কুরতুবি তার তাফসিরে উল্লেখ করেছেন যে মানুষের তাড়াহুড়ো তখনই বিপজ্জনক হয়ে ওঠে, যখন সে ধৈর্য হারিয়ে ফেলে এবং আল্লাহর ওপর ভরসা ছেড়ে দেয়। (আল-জামি লি আহকামিল কুরআন, বৈরুত: মুআসসাসাতুর রিসালাহ, ২০০৬, ১১/২৮৯)। এটি একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ তাড়াহুড়ো স্বাভাবিক হলেও তা যেন আমাদের সিদ্ধান্ত ও কর্মে প্রভাব ফেলতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোরআনের তিন ধাপের সমাধান

প্রথম ধাপ হলো কাজটা ভালোভাবে ও নিষ্ঠার সাথে সম্পন্ন করা। আল্লাহ সুরা মুলকে বলেছেন, 'যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম।' (সুরা মুলক, আয়াত: ২)। এখানে আল্লাহ কাজের পরিমাণের চেয়ে মানের ওপর জোর দিয়েছেন। আপনার দায়িত্ব হলো যথাযথভাবে ও সততার সাথে কাজটি শেষ করা।

দ্বিতীয় ধাপ হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করা। সুরা তলাকে আল্লাহ বলেছেন, 'যে আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট।' (সুরা তালাক, আয়াত: ৩)। ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন, তাওয়াক্কুলের প্রকৃত অর্থ হলো কাজের আগে সঠিক পরিকল্পনা করা, কাজের সময় সর্বোচ্চ চেষ্টা করা এবং কাজ শেষে ফলাফল আল্লাহর ওপর ন্যস্ত করা। (মাদারিজুস সালিকিন, বৈরুত: দারুল কিতাব আল-আরাবি, ১৯৯৬, ২/১১৮)।

তৃতীয় ধাপ হলো ধৈর্য ধারণ করা। সুরা বাকারায় আল্লাহ বলেছেন, 'ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও।' (সুরা বাকারা, আয়াত: ৪৫)। ইমাম তাবারি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ধৈর্য হলো কঠিন সময়ে নিজেকে সংযত রাখা এবং আল্লাহর ফয়সালার অপেক্ষায় স্থির ও অবিচল থাকা। (জামিউল বায়ান ফি তাফসিরিল কুরআন, কায়রো: দারুল মা'আরিফ, ১/২৫৪)।

হাদিসের নির্দেশনা ও জাগতিক নিয়ম

মহানবী (সা.) বলেছেন, 'ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে।' (সুনানে তিরমিজি, হাদিস: ২০১২)। এছাড়া ইমাম বায়হাকি বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো কিছু সময়ের আগে পেতে তাড়াহুড়ো করে, সে তা থেকে বঞ্চিত হয়ে শাস্তি পায়। (শুআবুল ঈমান, বৈরুত: দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, ১৪১০ হি., ৪/১৯৬)।

জাগতিক নিয়মও এখানে গুরুত্বপূর্ণ। একটি স্টার্টআপে বিনিয়োগ করেই এক মাসে রিটার্ন পাওয়া কি সম্ভব? না, কারণ পৃথিবীর প্রতিটি প্রক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট সময় লাগে। ইমাম গাজ্জালি লিখেছেন যে আল্লাহ এই পৃথিবীতে সবকিছুর জন্য একটি নির্দিষ্ট সময় রেখেছেন। ফসল পাকতে সময় লাগে, দক্ষতা অর্জনে সময় লাগে, প্রতিষ্ঠান গড়তে সময় লাগে। যে এই নিয়ম মানতে রাজি নয়, সে হতাশায় ডুবে যায়। (ইহইয়াউ উলিমিদ দিন, বৈরুত: দারুল মা'রিফাহ, ৪/৬১)।

করণীয় ও শেষ কথা

তাড়াহুড়োপ্রিয়তা সামলাতে করণীয়:

  • কাজটা ভালো করে ও মনোযোগ দিয়ে সম্পন্ন করুন।
  • ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন (তাওয়াক্কুল)।
  • ধৈর্য ধরুন ও সক্রিয়ভাবে অপেক্ষা করুন।
  • অপেক্ষার সময়টাতে পরবর্তী কাজে মনোযোগ দিন।

আপনি যদি তাড়াহুড়ো করেন, তবে জেনে রাখুন এটি স্বাভাবিক, কারণ আল্লাহ আপনাকে এভাবেই সৃষ্টি করেছেন। কিন্তু এই তাড়াহুড়ো যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। পরিকল্পনা ও বাস্তবায়ন শেষে আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধরুন। ফলাফল আসবেই, ইনশাআল্লাহ।