হাসির অমূল্য সম্পদ: দুঃখ ভুলিয়ে আনন্দের সৃষ্টি
হাসির অমূল্য সম্পদ: দুঃখ ভুলিয়ে আনন্দের সৃষ্টি

অসীম দুঃখের মধ্যেও একটি ফুরফুরে হাসি মনকে শান্ত করে তোলে। পৃথিবীতে এমন একটি বিষয় রয়েছে, যা কারও কাছ থেকে শিখতে হয় না। এমনকি শিশুরা জন্মের পর ভাষা শেখার আগেও খুশিমনে হাসতে পারে। এই হাসির সঙ্গে সংস্কৃতি, ভাষা ও ধর্মের কোনো বাধা নেই। হাসি মানুষের আবেগ থেকে সৃষ্ট একটি দৃষ্টিনন্দন প্রকৃতিগত উপাদান। আবার এই আনন্দভরা হাসি একক নয়, বরং সামাজিক। অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া আনন্দই হাসির মূল ভিত্তি। মনের ভালো লাগা থেকে, আনন্দ ও উৎফুল্লতায় এর বহিঃপ্রকাশ ঘটে।

হাসির শারীরিক ও মানসিক উপকারিতা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী রবার্ট লেভিসন দম্পতিদের নিয়ে এক গবেষণায় প্রমাণ করেছেন, যাঁরা টানাপোড়েনের সময় হাস্যরস ব্যবহার করেন, তাঁদের সম্পর্কে সন্তুষ্টি বেশি ও দীর্ঘায়িত হয়। হাসলে কর্টিসল নামের স্ট্রেস হরমোন কমে যায়। একই সঙ্গে অ্যাড্রেনালিন ও অ্যান্ডোরফিন নিঃসৃত হয়। ফলে মন হালকা হয় এবং চাপ কমে। অ্যান্ডোরফিন নিঃসরণ করে শারীরিক ও মানসিক ব্যথা কমাতেও সাহায্য করে। এ ছাড়া ১০ থেকে ১৫ মিনিট হাসলে প্রায় ৪০ ক্যালরি পর্যন্ত খরচ হতে পারে।

গবেষণায় হাসির প্রভাব

লন্ডনের ইউনিভার্সিটি কলেজের কগনিটিভ নিউরোসায়েন্সের অধ্যাপক ও বিশেষজ্ঞ সোফি স্কটের গবেষণা অনুযায়ী, হাসির সময় আমাদের মস্তিষ্ক থেকে অ্যান্ডোরফিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এটি শরীরকে প্রশান্তি দেয় এবং ভালো অনুভূতি তৈরি করে। মুখের পেশি ও শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থাও এতে সক্রিয়ভাবে অংশ নেয়। সবাই জন্মগতভাবেই হাসার ক্ষমতা নিয়ে জন্মায়। এমনকি অন্ধ, বধির কিংবা প্রতিবন্ধিরাও আনন্দের সময় হাসার ক্ষমতা রাখেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনপ্রিয় বিজ্ঞান সাময়িকী ‘ট্রেন্ডস ইন কগনিটিভ সায়েন্সেস’-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে যে, মানুষ একা থাকার চেয়ে অন্যদের সঙ্গে থাকলে প্রায় ৩০ গুণ বেশি হাসতে পারে। আবার কখনো কখনো হাসি ইচ্ছাকৃত হয়। অনিচ্ছাকৃত স্বতঃস্ফূর্ত হাসিও হঠাৎ করেই বেরিয়ে আসে কারও কারও ক্ষেত্রে। তার মধ্যে অধিকাংশ ব্যক্তির কল্পনাশক্তির কারণে এমনটা হয়ে থাকে। আর হাস্যরসাত্মক ভিডিও দেখার পর প্রবীণদের স্বল্পমেয়াদি স্মৃতি উন্নত হয়েছে বলে উঠে এসেছে।

হাসি না হাসার ঝুঁকি

অন্যদিকে এপিডেমিওলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেছেন, অনেকে একা থাকেন এবং সামাজিক সম্পর্ক কম রাখেন; তাই তুলনামূলকভাবে কম হাসার কারণে তাঁদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে।

দৈনন্দিন জীবনে হাসির গুরুত্ব

আমরা আমাদের দৈনন্দিন জীবনে অফিসে কাজের চাপ, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যে হাসতে ভুলে যাই। হাসি শুধু আনন্দের প্রকাশ নয়, এটি আমাদের শরীর ও মনের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া। পরিবার কিংবা সহকর্মীদের সঙ্গে কাটানো সময়, ইতিবাচক পরিবেশে থাকা এবং জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করা আমাদের আরও আনন্দিত করে এবং বেশি বেশি হাসতে সাহায্য করতে পারে। একটি সুন্দর হাসি সামাজিক বন্ধন তৈরি করে এবং মনকে প্রশান্ত রাখে। শুধু হাসি নয়, হাসিমুখও ইতিবাচক প্রভাব ফেলে আশপাশের মানুষের মধ্যে। প্রাণখোলা হাসি সবার হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে।

বন্ধু, কক্সবাজার বন্ধুসভা