ইসলাম একটি চিরন্তন ও বৈশ্বিক আদর্শ, যা দেশ-কালের সীমানা ছাড়িয়ে বাস্তবতাকে অনুধাবনের এক পূর্ণাঙ্গ রূপরেখা এবং মানবীয় আচরণের দিশারি প্রদান করে। এই আদর্শের মূলে রয়েছে আল্লাহর একত্ববাদ (তাওহিদ) ও তাঁর ইচ্ছার কাছে আত্মসমর্পণ (ইসলাম)।
নবীদের ঐক্যবদ্ধ বার্তা
ইতিহাসের প্রতিটি যুগে সব নবী ও রাসুল এই মৌলিক নীতিগুলোকেই ধারণ করেছেন। প্রথম মানব হজরত আদম (আ.) থেকে শুরু করে হজরত নুহ, মুসা, দাউদ, ইসা আলাইহিমুস সালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত প্রত্যেকেই এমন এক বার্তা নিয়ে এসেছিলেন, যা ইসলামের এই সুসংহত আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ।
শরিয়তের বৈচিত্র্য
আদর্শগত এই ভিত্তি অপরিবর্তিত থাকলেও প্রতিটি নবীর কাছে অবতীর্ণ ‘শরিয়ত’ বা জীবনপদ্ধতি ছিল তৎকালীন সমাজ ও প্রয়োজনের নিরিখে ভিন্ন ভিন্ন। যেমন, নুহ (আ.)-এর দায়িত্ব ছিল মহাপ্লাবনের সংকটকালে তাঁর উম্মতকে তওবা ও আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করা। মুসা (আ.)-কে বনী ইসরায়েলের সামাজিক, নৈতিক ও ধর্মীয় আচার-আচরণ পালনের জন্য একটি বিস্তৃত আইনি বিধান দেওয়া হয়েছিল। দাউদ (আ.)-কে দেওয়া হয়েছিল রাজপদ ও ন্যায়বিচার পরিচালনার নীতিমালা। আবার ইসা (আ.) প্রচার করেছিলেন ভালোবাসা, দয়া ও আধ্যাত্মিক পুনর্জাগরণের বাণী।
ইসলামের পূর্ণতা ও গতিশীলতা
মুহাম্মদ (সা.)-এর ওপর সর্বশেষ ওহি নাজিলের মাধ্যমে ইসলাম পূর্ণতা পায়। এটি এমন এক গতিশীল কর্মপদ্ধতি প্রদান করে, যা পরিবর্তনশীল সময়ের সঙ্গে অভিযোজনে সক্ষম। নবীজির ওপর অবতীর্ণ পবিত্র কোরআন একটি শাশ্বত পথনির্দেশক, যা মানবজীবনের জটিলতা নিরসনে বিশ্বাস, নৈতিকতা ও সামাজিক ন্যায়বিচারের মূলনীতি তুলে ধরে। পাশাপাশি নবীজির সুন্নাহ বা হাদিস মুসলমানদের দৈনন্দিন জীবনে এসব নীতির প্রায়োগিক উদাহরণ পেশ করে।
ইজতিহাদ ও সমসাময়িক চ্যালেঞ্জ
ইসলামের এই কর্মপদ্ধতি বা মেথডোলজি ‘ইজতিহাদ’-এর মাধ্যমে প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। এর ফলে সমসাময়িক চ্যালেঞ্জের মোকাবিলায় পণ্ডিতেরা ইসলামি নীতিমালা ব্যাখ্যা ও প্রয়োগ করার সুযোগ পান। এই গতিশীলতার কারণেই ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক ও প্রায়োগিক হিসেবে টিকে থাকে, যার শিকড় প্রোথিত থাকে একত্ববাদ, মহান আল্লাহর আনুগত্য ও নৈতিক আচরণের সুসংহত আদর্শের ওপর।
শরিয়তের উদ্দেশ্য ও পদ্ধতি
ইসলামে শরিয়তের অধিকাংশ বিধানই পবিত্র কোরআন ও সুন্নাহর মূলনীতির ওপর ভিত্তি করে ব্যাখ্যা ও যুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে গৃহীত। এই নীতিমালাগুলোই ইসলামি আইনের উদ্দেশ্য (মাকাসিদ আশ-শরিয়াহ) বুঝতে সহায়তা করে। যার লক্ষ্য হলো—দীন, জীবন, বুদ্ধি, বংশধারা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা।
ফিকহের মূলনীতি
আধুনিক ও উদার দৃষ্টিভঙ্গির কারণেই ইসলামি আইন তার মৌলিক মূল্যবোধে অটল থেকেও পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। উদাহরণস্বরূপ, কোরআন ও সুন্নাহ ন্যায়বিচার, সাম্য, সমবেদনা ও দয়ার মতো সাধারণ কিছু মূলনীতি প্রদান করে, যা ইসলামি ফিকহ বা আইনশাস্ত্রের মূল ভিত্তি। যেসব বিষয় প্রাথমিক উৎসগুলোতে সরাসরি উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে আলেমরা পাঠ্য বিশ্লেষণ (টেক্সচুয়াল অ্যানালাইসিস), কিয়াস, ইস্তিহসান (জনকল্যাণমুখী অগ্রাধিকার), মাসলাহা (জনস্বার্থ) এবং ইজমার (ঐক্যমত) মতো পদ্ধতিগুলো ব্যবহার করে সুনির্দিষ্ট সমাধান বের করেন।
সমাপ্তি
প্রতিটি বিধানে ইসলামের মৌলিক লক্ষ্যের প্রতিফলন এবং সমসাময়িক প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা বিচার করা হয়। এই আধুনিক ও উদার দৃষ্টিভঙ্গির কারণেই ইসলামি আইন তার মৌলিক মূল্যবোধে অটল থেকেও পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এভাবে শরিয়তের বিশাল ভাণ্ডারকে একটি সমন্বিত আদর্শ ও গতিশীল কর্মপদ্ধতির প্রয়োগ হিসেবে দেখা যেতে পারে। এটি মূলত বিশ্বাসের মূলনীতির আলোকে ব্যাখ্যা, যুক্তি ও উপযোগিতার এক নিরন্তর প্রক্রিয়া। সংক্ষেপে, ইসলাম এমন এক জীবন্ত আদর্শ যা সৃষ্টির সূচনা থেকে আজ অবধি সব সময়ের ও সব জনপদের মানুষের জন্য কালজয়ী মূলনীতি ও বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করে।



