মস্তিষ্কে কীভাবে তৈরি হয় নিজের সম্পর্কে ধারণা?
মস্তিষ্কে কীভাবে নিজের ধারণা তৈরি হয়?

আমাদের মস্তিষ্কে কীভাবে নিজের সম্পর্কে ধারণা তৈরি হয়? গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, 'নো দাইসেলফ' বা নিজেকে জানা। জ্ঞানের চূড়ান্ত পর্যায় হলো নিজেকে জানা। এখান থেকেই জ্ঞানের শুরু, আবার এখানেই জ্ঞানের সমাপ্তি। আমরা যা কিছু পড়ি, লিখি বা ভাবি, তার চূড়ান্ত উদ্দেশ্য হলো নিজের সম্পর্কে ধারণা লাভ করা বা সেই ধারণাকে স্পষ্ট করা। কিন্তু মস্তিষ্কে কীভাবে এই ধারণা তৈরি হয়?

নিজের ধারণা: একটি ধারাবাহিক নির্মাণপ্রক্রিয়া

আমরা সব সময় মনে করি, আজকের আমি, গতকালের আমি বা আগামীকালের আমি—সবই এক ও অভিন্ন ব্যক্তি। কিন্তু বাস্তবে, মস্তিষ্ক আমাদের পরিচয় একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত তৈরি করে। ফলে আপনার মস্তিষ্কের বিচারে গতকালের আপনি আর আজকের আপনি হুবহু এক নন। আমরা জীবনে প্রতিনিয়ত শিখি, ভুলে যাই, সম্পর্ক গড়ি ও ভেঙে ফেলি। তারপরও মনে হয় আমরা একই ব্যক্তি। আসলে এটি মস্তিষ্কের একটি ধারাবাহিক নির্মাণপ্রক্রিয়া, যা প্রতিদিনের জমা হওয়া স্মৃতির তথ্য ও অভিজ্ঞতা থেকে 'আমি' অনুভূতি তৈরি করে। রাতারাতি নিজের সম্পর্কে ধারণা আমূল বদলে যায় না, তাই মনে হয় আগের মতোই আছে। এটি বয়স বাড়ার মতো ধীরে ধীরে ঘটে, ফলে আমরা বুঝতেই পারি না।

মস্তিষ্কের নির্বাচনী স্মৃতি

মস্তিষ্ক সবচেয়ে বেশি মনে রাখে সেই স্মৃতিগুলো, যা বর্তমান 'আমি' ধারণার সঙ্গে মিল রাখে। আপনি যদি নিজেকে শান্ত ও অন্তর্মুখী মনে করেন, তবে অতীত থেকে সেই স্মৃতিগুলোই বেশি মনে রাখবেন। এর মানে, আপনি সজ্ঞানে নিজের ধারণা বদলাতে মস্তিষ্ককে প্রশিক্ষিত করতে পারেন। আপনি নিজেকে যেমনভাবে ভাবতে চান, মস্তিষ্ককে সেই সংশ্লিষ্ট তথ্য দ্বারা প্রভাবিত হতে বলতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাইরের প্রভাব ও আত্মধারণা

বাইরের মানুষও নিজের সম্পর্কে ধারণা তৈরিতে ইতিবাচক বা নেতিবাচকভাবে অবদান রাখে। তবে নিজের সম্পর্কে আপনার ধারণা যত স্পষ্ট ও শক্তিশালী হবে, অন্যরা আপনার মনে ধারণা তৈরিতে তত কম অবদান রাখতে পারবে। এখানে সত্য-মিথ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মস্তিষ্ক কোন তথ্য ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে, বা আপনি সচেতনভাবে কতটা কোনো জাতীয় তথ্যের চর্চা করে নির্দিষ্ট ধারণা প্রতিষ্ঠিত করতে চাইছেন।

মস্তিষ্কের কেন্দ্রীয় অংশ: মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স

নিজের সম্পর্কে ধারণা তৈরি করে মস্তিষ্কের মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স। আপনি যখন নিজেকে প্রশ্ন করেন—আমি কি এই গুণের অধিকারী? বা আমি কি এটা পারব? তখন এই অংশ সক্রিয় হয়ে আগের তথ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে উত্তর খোঁজে। অন্য মানুষ কেমন, তার তুলনায় আপনি নিজে কেমন—এসব ভাবলে এই অংশ আরও বেশি সক্রিয় থাকে। এটি 'আমি'র মূল্যায়ন ও আবিষ্কারের মূল কেন্দ্র বা হাবের মতো কাজ করে।

শরীরের ধারণা ও মস্তিষ্কের রিদম

নিজের শরীর সম্পর্কে ধারণা অনুভবের জন্য মস্তিষ্ক বিভিন্ন ইন্দ্রিয় থেকে আসা তথ্য মিলিয়ে নেয়। গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের নির্দিষ্ট রিদম শরীরের বিভিন্ন অংশকে নিজের অংশ হিসেবে বিশ্বাস তৈরি করতে সাহায্য করে। কিছু পরিস্থিতিতে বা নির্দিষ্ট পরীক্ষায় মানুষের নিজের সম্পর্কে ধারণা সম্পূর্ণ বদলে যেতে পারে, এমনকি 'আমি' অনুভূতি লোপ পেতে পারে। যখন মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বা নির্দিষ্ট নতুন তথ্য বা উদ্দীপনা ঘটে, তখন নিজের সম্পর্কে স্পষ্ট ধারণার বোধ এলোমেলো হয়ে যেতে পারে। যেমন কেউ মনে করতে পারেন তিনি নিজেকে নিজের শরীরের বাইরে থেকে দেখতে পাচ্ছেন, বা নিজের সম্পর্কে কোনো স্পষ্ট ধারণাই তৈরি হয় না।

ভুল ধারণা থেকে সঠিক ধারণা

আবার ভুল ধারণা থেকে অনেকে সঠিক ধারণাও লাভ করতে পারেন। অন্যদিকে, নানা নিয়ামকের প্রভাবে সঠিক ধারণা থেকেও কারও কারও মস্তিষ্কে নিজের সম্পর্কে ভুল ধারণা প্রতিষ্ঠিত হতে পারে। সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস।