বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর’-এর নামে সড়ক উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ফিনিক্স রোড নামে পরিচিত ৫৩০ মিটার দীর্ঘ সড়কটির নতুন নামকরণ করা হয় “মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক”।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসকের বক্তব্য
উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সড়কের নামকরণ করা হয়েছে। এমন একজন পীর-বুজুর্গ ব্যক্তিত্বকে স্মরণ করে এই নামকরণ করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
তিনি আরও জানান, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের অনুরোধ ও জনদাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সম্মতি ও দিকনির্দেশনায় এ উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, হাফেজ্জী হুজুরের আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে।
জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ
সড়ক উদ্বোধনের পাশাপাশি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। যেহেতু এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার আহ্বান জানান, যাতে কোথাও পানি জমে না থাকে।
মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে নতুন ফগার মেশিন সংগ্রহে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



