ইসলামি শরিয়াহর দৃষ্টিকোণ থেকে টেস্টটিউব বেবি নেওয়া কি হারাম? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, কোনো হারামের সংশ্লেষ না থাকলে আইভিএফ বা টেস্টটিউব বেবি নেওয়া ইসলামি শরিয়াহ অনুমোদিত হবে।
শায়খ আহমাদুল্লাহর বক্তব্য
শায়খ আহমাদুল্লাহ বলেন, কোনো দম্পতির স্বাভাবিক প্রক্রিয়ায় যখন সন্তান হয় না, তারা যদি টেস্টটিউব প্রক্রিয়ায় সন্তানের বাবা-মা হতে চান, শরীয়াহর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে সেটা নিষিদ্ধ নয়। তবে শর্ত হলো, সেখানে শরীয়াহ পরিপন্থি কোনো কিছু হতে পারবে না।
প্রক্রিয়ার শর্তাবলী
উদাহরণ হিসেবে তিনি বলেন, স্বামী এবং স্ত্রী উভয়ের শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করতে হবে। এখানে অন্য কারো শুক্রাণু বা ডিম্বাণু সংগ্রহ করা হলে সেটা পরিষ্কার জেনা হবে এবং হারাম হবে। এই ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহের সময় হস্তমৈথুন বা এ জাতীয় কোনো গুনাহের ওপর নির্ভর করা যাবে না। বরং স্বামী-স্ত্রীর স্বাভাবিক প্রক্রিয়ায় যদি ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করা হয়, সেটা জায়েজ।
সতর উন্মুক্ত করা হারাম
আহমাদুল্লাহ আরও বলেন, এই শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করতে গিয়ে যদি সতরের অংশ নার্স বা চিকিৎসা সংশ্লিষ্ট অন্যদের সামনে উন্মুক্ত করতে হয়, সেটা হারাম। সন্তানের বাবা-মা হতে গিয়ে আপনি কোনো হারামে লিপ্ত হওয়ার সুযোগ নেই। বৈধ উপায়ে শরিয়াহর মধ্যে থেকে আল্লাহ তৌফিক দিলে আলহামদুলিল্লাহ। নাহলে আল্লাহর ফায়সালাকে মেনে নিতে হবে।
পরিহারযোগ্য বিষয়
যদি কোনো নার্স বা চিকিৎসা সংশ্লিষ্ট কারো সামনে সতর উন্মুক্ত করতে না হয়, বরং শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহের কাজ স্বামী-স্ত্রী উভয়ে করতে পারেন এবং এ জাতীয় কোনো হারাম পরিহার করে কেউ আইভিএফ পদ্ধতিতে সন্তানের বাবা হতে চান, তাহলে নির্দ্বিধায় শরিয়াহ সেটাকে অনুমোদন করে। মৌলিকভাবে নিষেধ নেই, তবে কোনো হারামে যেন লিপ্ত হতে না হয়।



