প্রেমের মোহ: হৃদয়ের বিভ্রান্তি ও ইসলামী দৃষ্টিভঙ্গি
প্রেমের মোহ: হৃদয়ের বিভ্রান্তি ও ইসলামী দৃষ্টিভঙ্গি

মানুষের জীবনে সবচেয়ে গভীর, জটিল এবং প্রভাবশালী অনুভূতির নাম ভালোবাসা। ইতিহাসের পাতা থেকে আধুনিক সমাজ পর্যন্ত, মানুষের সবচেয়ে বড় সৃজন, আবার সবচেয়ে বড় বিপর্যয়ের পেছনেও কাজ করেছে এই অনুভূতি। মানুষ কখনো যুক্তির কারণে নয়, বরং হৃদয়ের টানে এমন সিদ্ধান্ত নেয়, যা তার জীবনকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় কিংবা কখনো তাকে ভেঙে দেয় নিঃশব্দে।

ভালোবাসার দ্বৈত প্রকৃতি

ভালোবাসার এই দ্বৈত প্রকৃতি মানবজীবনের এক চিরন্তন বাস্তবতা। এটি যেমন নির্মাণ করে, তেমনি ধ্বংসও করতে পারে। যখন ভালোবাসা বোধ, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণের আলোয় পরিচালিত হয়, তখন তা হয়ে ওঠে আত্মিক উন্নতির সোপান। কিন্তু যখন তা নিয়ন্ত্রণহীন আবেগে পরিণত হয়, তখন সেটি আর ভালোবাসা থাকে না, তা হয়ে ওঠে মোহ, যা মানুষের হৃদয়কে আবদ্ধ করে এবং বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে।

ইসলামী মননে হৃদয়ের বিশ্লেষণ

ইসলামী মনন ও আধ্যাত্মিকতায় হৃদয়ের এই অবস্থাকে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম তার বিখ্যাত রচনায় উল্লেখ করেন, অসংযত ভালোবাসা এমন এক অন্ধত্ব সৃষ্টি করে, যেখানে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। এই অন্ধত্বই প্রেমের মোহের প্রকৃত রূপ, যা মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আধুনিক মনোবিজ্ঞানের স্বীকৃতি

এই বাস্তবতা কেবল ধর্মীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, আধুনিক মনোবিজ্ঞানও একই বিষয়কে স্বীকার করে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত আবেগীয় আসক্তি মানুষের বিচারবোধকে দুর্বল করে দেয় এবং তাকে তাৎক্ষণিক অনুভূতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে। ফলে দীর্ঘমেয়াদে সে সিদ্ধান্ত নেয় অনুতাপের ভিত্তিতে, প্রজ্ঞার ভিত্তিতে নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঐতিহাসিক উদাহরণ

ইতিহাস ও সাহিত্য এই সত্যের বহু উদাহরণ বহন করে। আরবের কাহিনিতে কায়েস-লায়লার প্রেম কেবল রোমান্টিক গল্প নয়, এটি এক ধরনের মানসিক নিমজ্জনের প্রতীক, যেখানে প্রেমিক ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন অসংখ্য উদাহরণ দেখায়, প্রেম যখন সংযম হারায়, তখন তা মানুষকে আত্মবিনাশের দিকেও ঠেলে দিতে পারে।

ইমাম আল-গাজ্জালীর বক্তব্য

ইমাম আল-গাজ্জালী রহ. হৃদয়ের পরিশুদ্ধতা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, 'যে হৃদয় কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তা ধীরে ধীরে তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়।' এই বক্তব্য প্রেমের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক উভয় দিককেই স্পষ্ট করে, যেখানে ভালোবাসা যদি ভারসাম্য হারায়, তবে তা আত্মার স্থিতি নষ্ট করে দেয়।

ইমাম ইবনে তাইমিয়ার বিশ্লেষণ

একইভাবে ইমাম ইবনে তাইমিয়া রহ. বলেন, 'মানুষের হৃদয় ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না, কিন্তু সেই ভালোবাসা যদি সঠিক দিকনির্দেশনা না পায়, তবে তা কষ্ট ও বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়।' তার এই বিশ্লেষণ দেখায়, সমস্যাটি ভালোবাসায় নয়, বরং ভালোবাসার দিকনির্দেশনায়।

সমকালীন সমাজে সংকট

সমকালীন সমাজে এই সংকট আরও গভীর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, চলচ্চিত্র এবং জনপ্রিয় সংস্কৃতি প্রেমকে এমনভাবে উপস্থাপন করছে, যেখানে গভীরতা ও দায়িত্ববোধের চেয়ে আকর্ষণ, তাড়না এবং আবেগের তীব্রতা বেশি গুরুত্ব পাচ্ছে। সম্পর্কগুলো দ্রুত গড়ে ওঠে, আবার দ্রুত ভেঙেও যায়। ফলে তরুণ প্রজন্মের একটি অংশ প্রেমকে স্থায়ী বন্ধন নয়, বরং ক্ষণস্থায়ী অনুভূতির অভিজ্ঞতা হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে উঠছে।

সামাজিক ও মানসিক প্রভাব

এই প্রবণতার সামাজিক ও মানসিক প্রভাব সুদূরপ্রসারী। সম্পর্কের ভাঙন, হতাশা, আত্মিক শূন্যতা এবং মানসিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। মানুষ এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে ছুটে বেড়াচ্ছে, কিন্তু প্রকৃত প্রশান্তি খুঁজে পাচ্ছে না। কারণ তারা প্রেম খুঁজছে অনুভূতির তীব্রতায়, অথচ তা পাওয়া যায় স্থিরতা ও দায়িত্বের মধ্যে।

প্রেমের ভারসাম্যপূর্ণ ধারণা

এই বাস্তবতায় প্রয়োজন প্রেমের একটি ভারসাম্যপূর্ণ ও পরিশুদ্ধ ধারণা। ভালোবাসা থাকবে কিন্তু তা হবে সংযত, আবেগ থাকবে কিন্তু তা হবে বিবেক দ্বারা নিয়ন্ত্রিত, আকর্ষণ থাকবে কিন্তু তা হবে দায়িত্বের সীমার মধ্যে। ইসলামী দৃষ্টিকোণ থেকে, ভালোবাসার সর্বোচ্চ রূপ হলো স্রষ্টার প্রতি ভালোবাসা যা মানুষকে স্থিরতা, দিকনির্দেশনা এবং আত্মিক প্রশান্তি দেয়। পার্থিব ভালোবাসা তখনই সুন্দর ও স্থায়ী হয়, যখন তা এই মূল ভালোবাসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। অন্যথায় তা হয়ে ওঠে ক্ষণস্থায়ী মোহ, যা একসময় ভেঙে পড়ে।

উপসংহার

মানুষের হৃদয় একদিকে তার সবচেয়ে বড় শক্তি, অন্যদিকে সবচেয়ে বড় দুর্বলতা। এই হৃদয়ই তাকে মহত্ত্বের দিকে নিয়ে যেতে পারে, আবার বিভ্রান্তির অতলেও ফেলতে পারে। তাই হৃদয়ের যত্ন নেওয়া, তাকে শুদ্ধ রাখা এবং ভালোবাসাকে সঠিক পথে পরিচালিত করা এটাই মানুষের সবচেয়ে বড় দায়িত্ব। যে প্রেম মানুষকে উন্নত করে, সেটিই ভালোবাসা, আর যে প্রেম মানুষকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়, সেটিই মোহ। এই উপলব্ধিই পারে মানুষকে আবেগের উচ্ছ্বাস থেকে বাঁচিয়ে বোধের আলোয় ফিরিয়ে আনতে।

লেখক: শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর