প্রতিষ্ঠার একযুগপূর্তি উপলক্ষে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ বলেছেন, বর্তমান মিসইনফরমেশন ও ডিজইনফরমেশনের যুগে অনলাইন সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে যারা ক্লিকের বদলে সঠিক তথ্য জোগাড়ে সচেষ্ট থাকবে, পাঠক পরিশেষে তাদেরই গ্রহণ করবে।
একযুগের পথচলা
বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের একযুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন। এ বছর বাংলা ট্রিবিউন তার একযুগ পার করে নতুন আরেকটি যুগে পদার্পণ করছে। কাজী আনিস আহমেদ আরও বলেন, বিগত সময়ে তারা যেভাবে সংবাদমাধ্যম হিসেবে তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা প্রমাণ করেছে, আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি প্রকাশক হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
যাত্রা শুরু ও অর্জন
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। একযুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।
শুভেচ্ছা বাণী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।



