ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে আলোচিত সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি আগামী ২০ মে চরকিতে মুক্তি পাচ্ছে। বুধবার দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
চরকিতে মুক্তির সময় ও সুবিধা
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ-বিদেশের দর্শকেরা প্ল্যাটফর্মটিতে ‘দম’ দেখতে পারবেন। ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে অনেকে এখনো সিনেমাটি দেখার সুযোগ পাননি। ওটিটিতে আসায় এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় সিনেমাটি উপভোগ করতে পারবেন তাঁরা। ফেসবুকে মুক্তির ঘোষণার পর এক দর্শক মন্তব্যে লিখেছেন, ‘দেশে থাকাকালে অনেক চেষ্টা করেও দেখতে পারিনি, এখন অপেক্ষায় রইলাম।’
পরিচালকের প্রতিক্রিয়া
পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি, “দম” বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘরে বা হাতে পৌঁছে যাবে। আশা করব, দেশ-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই “দম” দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। আশা করছি, সবার ঈদ হবে “দমদার”।’
প্রযোজকের বক্তব্য
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রেক্ষাগৃহের দর্শকেরা বলছেন, “দম” বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে। প্রেক্ষাগৃহে নেই বা বিদেশে বলে এখন আর কোনো বাধা থাকছে না। চরকিতে যেকোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকেরা।’
সিনেমার কাহিনি ও কলাকুশলী
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’-এর চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি।



