পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: এডিসি সাকলায়েন বাধ্যতামূলক অবসরে
পরীমনি-সাকলায়েন কাণ্ড: বাধ্যতামূলক অবসর

পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ ও বিভাগীয় মামলা

প্রজ্ঞাপনে বলা হয়, ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন ডিবি গুলশান বিভাগে কর্মকালীন চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক, জন্মদিন উদযাপন ও সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করে তাকে কারণ দর্শানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত ও শুনানি

২০২৩ সালের ১৯ মার্চ সাকলায়েন অভিযোগনামার জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির আবেদন করেন এবং ২৮ মার্চ শুনানি গ্রহণ করা হয়। পরে ৩০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ১২ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় এবং ১০ মার্চ তিনি জবাব দেন। দ্বিতীয় কারণ দর্শানো নোটিশের জবাব, তদন্ত প্রতিবেদন ও অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চূড়ান্ত সিদ্ধান্ত

সরকারি কর্মচারী বিধিমালা ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান সূচক গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি চলতি বছরের ১৭ জুন এ অনুমোদন দেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪ (৩) (খ) বিধি মোতাবেক তাকে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড দেওয়া হলো।