রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ও সুপারঅ্যাপ ‘পাঠাও’ তাদের মাসব্যাপী ‘Safe থাকি, Safe রাখি’ কার্টুন প্রতিযোগিতার সেরা কাজগুলো নিয়ে দৃক গ্যালারিতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। গত ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এই প্রদর্শনী চলছে ২৭ জুন রাত ৮টা পর্যন্ত।
প্রতিযোগিতার বিবরণ
গত ২০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় হেলমেট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং যানবাহনের ফিটনেসের মতো প্রতিদিনের যাতায়াতের গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো কার্টুনের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়েছিল। দেশজুড়ে বিভিন্ন শিল্পী ও সৃজনশীল মানুষের কাছ থেকে ৪৫০টিরও বেশি কার্টুন জমা পড়ে।
প্রদর্শনীর আয়োজন
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পাঁচটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা ছড়াতে ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন করা হয়। এছাড়া একটি স্কুলে এবং ‘কার্টুন পিপল’-এর সঙ্গে গুলশান-২ এ সাধারণ মানুষের জন্য লাইভ ড্রয়িং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অংশীদারদের বক্তব্য
পাঠাও-এর সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ বলেন, ‘২০১৫ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা লক্ষ-কোটি মানুষের যাত্রার অংশ হয়েছি। আমাদের প্রতিদিনের যে কর্মক্ষেত্র, তা কিন্তু কোনো নির্দিষ্ট অফিস বা চার দেয়ালে সীমাবদ্ধ নয়; আমাদের কর্মক্ষেত্র হলো এই রাজপথ, সারা দেশের রাস্তা। আর তাই রাস্তায় সবাইকে নিরাপদ রাখার দায়িত্ব কারো একার কিংবা কোনো একক প্রতিষ্ঠানের নয়। এটি আমাদের সকলের একটি সামষ্টিক ও যৌথ দায়িত্ব।’
বিশেষ অতিথি আহসান হাবিব তার বক্তব্যে বলেন, ‘কার্টুনিস্টদের পথচলা অনেক দীর্ঘ। আমরা যারা কার্টুন আঁকি, তাদের কাজটা শুধু একটা প্যানেলে একটা ছোট্ট ছবি এঁকে ছেড়ে দেওয়া নয়; এর পেছনে থাকে গভীর ভাবনার এক দীর্ঘ জার্নি। ‘সেফ থাকি সেফ রাখি’ ক্যাম্পেইনের এই আয়োজনে আমাদের প্রফেশনাল ও অ্যামেচার কার্টুনিস্টরা যেভাবে একটি সিংগেল প্যানেল মিডিয়ামের মাধ্যমে সামাজিক এই বার্তা ফুটিয়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়।’
বিজয়ীদের তালিকা
বিচারকের দায়িত্বে ছিলেন দেশের বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব এবং জনপ্রিয় তরুণ শিল্পী মোরশেদ মিশু ও রাশাদ ইমাম তন্ময়। বিজয়ী সেরা ৬ জনকে মোট ১,০৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথম পুরস্কার ৫০,০০০ টাকা পাচ্ছেন রাইদ হোসেন, দ্বিতীয় পুরস্কার ২৫,০০০ টাকা পাচ্ছেন নাতাশা জাহান, তৃতীয় পুরস্কার ১৫,০০০ টাকা পাচ্ছেন ফরিদুর রহমান রাজীব। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার হিসেবে যথাক্রমে ৫,০০০ টাকা করে পাচ্ছেন জুরিস আল মাহি, শওকত রাসাদিন শওখিন এবং মাহতাব রশিদ।
প্রদর্শনীর আকর্ষণ
২৭ জুন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দৃক গ্যালারিতে চলমান এই প্রদর্শনীতে কার্টুন দেখার পাশাপাশি দর্শকদের জন্য দেয়াল পেইন্টিংয়ে অংশগ্রহণ, সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা, নাটক, সরাসরি কার্টুন বা ক্যারিকেচার এঁকে নেওয়ার সুযোগ, মজার গেম এবং ফটো বুথের ব্যবস্থা রয়েছে।
পাঠাও-এর অবস্থান
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বর্তমানে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১৫,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালিত হচ্ছে। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৬,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে।



