নতুন মাইলফলক স্পর্শ করলেন নিলয় আলমগীর, ২০০ নাটকের ভিউ কোটির বেশি
নতুন মাইলফলকে নিলয় আলমগীর, ২০০ নাটকের ভিউ কোটির বেশি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর তার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। তার অভিনীত ২০০ নাটক ইউটিউবে কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। দেশের নাটকে এমন অর্জন অন্য কোনো অভিনয়শিল্পীর নেই, যা একটি বিরল ঘটনা। শনিবার (১৩ জুন) সামাজিক মাধ্যম ফেসবুকে এমন তথ্যই জানিয়েছেন এ অভিনেতা।

নিলয় আলমগীরের সাফল্যের পথ

গত কয়েক বছর ধরে নিলয় আলমগীর অভিনীত নাটকগুলো সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে আলোচিত হয়ে আসছে। রোমান্টিক, পারিবারিক ও সামাজিক, কমেডি গল্পনির্ভর নাটকে তার উপস্থিতি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। তিনি শুধু অভিনেতাই নন, নিজেও একজন নাটকের প্রযোজক। ইউটিউব চ্যানেল এনএএফের তিনি কর্ণধার। এই চ্যানেল থেকেই তার অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪২ লাখ।

শীর্ষ ১০ নাটকের তালিকায় নিলয় আলমগীরের আধিপত্য

সামাজিক মাধ্যম ইউটিউবে ভিউয়ের শীর্ষ ১০ নাটকের মধ্যে ছয়টিই নিলয় আলমগীরের। এর মধ্যে গত ঈদে প্রচার করা নাটক 'শ্বশুরবাড়িতে ঈদ' শীর্ষে রয়েছে। এর পরের নাটকটিও নিলয় অভিনীত নাটক 'মামার বাড়ি'। তৃতীয় স্থানে রয়েছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক 'বড় ছেলে'। এরপর চতুর্থ স্থানে রয়েছে নিলয় আলমগীরের 'সংসার আমার ভাল্লাগে না' নাটকটি। পঞ্চম স্থানে রয়েছে অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত নাটক 'ভুলো না আমায়'। ছয়ে আছে অভিনেতা ফারহান আহমেদ জোভানের 'তোমাদের গল্প'। ৭, ৮ ও ৯ নম্বর স্থানে রয়েছে নিলয় আলমগীরের 'গরিবের বড়লোক বউ', 'চাচা ভাতিজা জিন্দাবাদ', 'একটুখানি ভুল' নাটক তিনটি। তালিকার ১০ নম্বরে রয়েছে অভিনেতা মোশাররফ করিম অভিনীত নাটক 'জামাই বউর মাথা গরম'।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধন্যবাদ জ্ঞাপন ও ভক্তদের প্রতিক্রিয়া

সামাজিক মাধ্যম ইউটিউবে এই ভিউ অর্জনের জন্য নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। এক পোস্টে তিনি লিখেছেন— একটি ভালো কাজের পেছনে টিমের সবার পরিশ্রম থাকে। পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, প্রযোজক, পৃষ্ঠপোষক, টেলিভিশন চ্যানেল, সহশিল্পীসহ ক্যামেরার সামনে ও পেছনের সব সহকর্মীর অবদান রয়েছে। পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করা এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টাতেই গল্পগুলো লাখো-কোটি দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে বলে জানান নিলয় আলমগীর।

নিলয় আলমগীর বলেন, সবার অবদান থাকলেও আমি আলাদাভাবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই আমার দর্শকদের। দর্শকরা নিয়মিত আমার নাটকের প্রতি আস্থা রাখে। দর্শকদের ভালোবাসা, সমর্থন, মন্তব্য, শেয়ার এবং ভিউয়ের কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে।

এদিকে নিলয় ফ্যান গ্রুপে আমির উদ্দিন নামে এক ভক্ত মন্তব্য করে বলেছেন, নিলয় ভাই অভিনন্দন! আপনার ২০০ নাটক ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করা সত্যিই অসাধারণ অর্জন। আপনার পরিশ্রম, নিষ্ঠা এবং দর্শকদের ভালোবাসারই প্রতিফলন এটি। আরও অনেক অনেক সাফল্য আসুক।