‘স্ট্রেঞ্জার থিংস’-এর বাবা-মেয়ের আবেগঘন সম্পর্ক দিয়ে দর্শকের মন জয় করেছিলেন ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউন। জনপ্রিয় সেই সিরিজ শেষ হওয়ার পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন এই দুই তারকা। নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া একটি নতুন স্পাই থ্রিলার সিরিজে অভিনয় করবেন মিলি ও ডেভিড। শুধু অভিনয়ই নয়, নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন দুজন। সিরিজটি নির্মাণ করবে এ২৪। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থ্রোন; আগে নেটফ্লিক্সের ‘এনোলা হোমস’ ফ্র্যাঞ্চাইজির চিত্রনাট্য লিখেছেন তিনি। বহুল প্রশংসিত ‘অ্যাডোলেসেন্স’-এরও সহস্রষ্টা তিনি।
কাহিনি ও চরিত্র
নতুন সিরিজে ম্যাট উলফ নামে এক সাবেক এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ডেভিড হারবার। অপমানজনক পরিস্থিতিতে চাকরি ছেড়ে তিনি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। কিন্তু তাঁর মেয়ে রেবেকা, বাবার পথ অনুসরণ করে যে এফবিআই এজেন্ট হয়েছে, একটি মিশনে নিখোঁজ হয়ে গেলে আবার সেই গুপ্তচরবৃত্তির জগতে ফিরে যেতে বাধ্য হন ম্যাট, ইতিমধ্যে যা অনেক বদলে গেছে।
পুনর্মিলনের ইঙ্গিত
২০২৫ সালের ৩১ ডিসেম্বর ‘স্ট্রেঞ্জার থিংস’ শেষ হওয়ার পর দুজনই নতুন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। মিলি ববি ব্রাউনের ‘এনোলা হোমস’ ৩ মুক্তি পেয়েছে গত ১ জুলাই। অন্যদিকে ডিটিএফ সেন্ট লুইস-এ অভিনয় করেছেন ডেভিড হারবার। সাম্প্রতিক সময়ে নিজেদের নতুন কাজের প্রচারে অংশ নিতে গিয়ে দুজনই এই পুনর্মিলনের ইঙ্গিত দিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে ডেভিড হারবার বলেন, ‘মিলি আর আমি আবার একসঙ্গে কাজ করছি। ১০ বছর একসঙ্গে কাজ করাও যথেষ্ট ছিল না। আমাদের মধ্যে বিশেষ এক বন্ধন রয়েছে। আমি তাকে ভালোবাসি, সে–ও আমাকে ভালোবাসে।’ অন্যদিকে নিউইয়র্কে এক অনুষ্ঠানে মিলি বলেন, ‘বাবা-মেয়ের সম্পর্কটাই আমাদের পরিচয়। আর নেটফ্লিক্স সব সময়ই আমাদের ঘরের মতো।’ পরে তিনি জানান, এই প্রকল্প প্রত্যাশার চেয়েও দ্রুত বাস্তবায়িত হচ্ছে।
গুঞ্জন উড়িয়ে
গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম মৌসুমের শুটিংয়ের সময় ডেভিড হারবারের বিরুদ্ধে নেটফ্লিক্সে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন মিলি। তবে দুজনই সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। হারবার বলেন, ‘একটি পরিবারের মধ্যেও মতবিরোধ হয়, পরে তা মিটেও যায়। কিন্তু বিলিয়ন ডলারের একটি শোর ক্ষেত্রে শত শত মানুষ বিষয়টিতে জড়িয়ে পড়েন। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, সব ভুল–বোঝাবুঝির অবসান হয়েছে।’ মিলিও জানান, দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে তাঁদের সম্পর্ক আরও সৃজনশীল ও সহযোগিতাপূর্ণ হয়ে উঠেছিল।
পর্দায় ফিরছে জনপ্রিয় রসায়ন
‘স্ট্রেঞ্জার থিংস’-এ পুলিশপ্রধান জিম হপার চরিত্রে হারবার অভিনয় করেছিলেন ডেভিড, যিনি পরে অতিপ্রাকৃত ক্ষমতাসম্পন্ন কিশোরী ইলেভেনকে (মিলি ববি ব্রাউন) দত্তক নেন। বাবা-মেয়ের সেই জনপ্রিয় রসায়নই এবার নতুন এক গুপ্তচর কাহিনিতে ভিন্ন আঙ্গিকে ফিরে আসছে। ভ্যারাইটি অবলম্বনে



