জাহিদ হাসানের প্রশংসায় চুপ মোশাররফ করিম
জাহিদ হাসানের প্রশংসায় চুপ মোশাররফ করিম

গত শুক্রবার সন্ধ্যায় চরকির কার্নিভ্যালে স্ত্রী রোবেনা রেজাসহ প্রবেশ করেন অভিনেতা মোশাররফ করিম। আসন গ্রহণের আগেই হঠাৎ তাঁকে দেখে পেছনে তাকান আরেক অভিনেতা জাহিদ হাসান। সঙ্গে সঙ্গে জাহিদ হাসান হেসে বলেন, ‘মোশাররফ, তোকে যে আমি কী করব।’ এতে কিছুটা ঘাবড়ে যান মোশাররফ করিম। কৌতূহল নিয়ে তিনি জিজ্ঞেস করেন, ‘ভাই, কেমন আছেন?’

জাহিদ হাসানের অকপট প্রশংসা

তাকিয়ে থাকেন জাহিদ হাসানের দিকে। এবার জাহিদ হাসান বলেন, ‘তোর অভিনয় অসাধারণ হয়েছে, ভাই। আমি মুগ্ধ। পুরো সিনেমাটি আমাকে ইমোশনাল করেছে। আমি তোর অভিনয় দেখে কেঁদে ফেলেছি। আরও ভালো অভিনয় কর, তোর জন্য সব সময় দোয়া ও ভালোবাসা।’ পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়েই দুই গুণী অভিনেতার এই আড্ডা।

মোশাররফ করিমের পছন্দের অভিনেতাদের একজন জাহিদ হাসান। তাঁর কাছ থেকে এমন প্রশংসা শুনে কিছু সময়ের জন্য থেমে যান মোশাররফ করিম। তিনি বলেন, ‘আপনার ভালো লাগছে জেনে খুশি হয়েছি। আপনার কাছ থেকে এমন মন্তব্য আমার জন্য সম্মানের।’ পরে মোশাররফ করিম আরও বলেন, ‘জাহিদ ভাই আপনার সঙ্গে অনেক দিন কথা হয় না। আপনার শরীর ভালো?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্ষণিকের আড্ডা ও নম্বর বিনিময়

তখনো আসন গ্রহণ করেননি মোশাররফ করিম দম্পতি। জাহিদ হাসান তাঁদের বসতে বলেন। সামনের সিট থাকার পরেও জাহিদ হাসানের পেছনে সারিতে বসেন মোশাররফ করিম। এবার জাহিদ হাসানের সঙ্গে জমে ওঠে ক্ষণিকের আড্ডা। জাহিদ হাসান বলেন, ‘তোর অভিনয় দেখে আমি এতটাই ইমোশনাল হয়েছি যে তোকে এসএমএস করে জানিয়েছি। তুই মনে হয় দেখিস নাই।’ দেখা যায় জাহিদ হাসানের এসএমএস করা নম্বরটি মোশাররফ আর ব্যবহার করেন না। তাঁরা একে অন্যের নম্বর নেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাহিদ হাসানের প্রতিক্রিয়া

পরে কথা হয় জাহিদ হাসানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছে। আমি মুগ্ধ হয়েছি। আমার যেটা ভালো লেগেছে, সেটাই মোশাররফকে বলেছি।’ এ সময় দীর্ঘনিশ্বাস নিয়ে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তো বদনাম ছাড়া তেমন ভালো কিছু কেউ সহকর্মীকে নিয়ে বলে না। সমালোচনা তো কেউ নিতেই পারে না। আমার কাছে মোশাররফ করিম, রাজ—সবার অভিনয় ভালো লেগেছে। পুরো সিনেমাটাই মুগ্ধ করেছে। সিনেমাটি দেখে আমি কেঁদেছি, বারবার ইমোশনাল হয়েছি। সেটাই মোশাররফকে সামনে পেয়ে বললাম।’