ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে শরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে পৌর শহরের শিলাসী মাজারবাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয়
নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী ও ফুলবাড়িয়া সদরের দক্ষিণ আন্দারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী শরিফুল ইসলাম পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমানের পাঁচতলা বাসার ছাদের একটি কক্ষে প্রায় দুই বছর ধরে বসবাস করছিলেন।
ঘটনার বিবরণ
সোমবার সকাল পর্যন্ত শরিফুল কাজে না যাওয়ায় ব্যাংক থেকে বাসার মালিক মজিবর রহমানের কাছে ফোন করে শরিফুলের খোঁজ করা হয়। পরে বাসার মালিক মজিবর রহমান ছাদে উঠে শরীফের কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে চেষ্টা করে দরজা খুলে শরিফুলকে ফাঁসিতে ঝুলতে দেখে ব্যাংকে ও থানায় জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে রোববার দিবাগত রাতের যে কোনো সময় শরিফুল রশিতে ফাঁসি আত্মহত্যা করেছে।
প্রেমঘটিত কারণের সন্দেহ
গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের সহকারী ব্যবস্থাপক রেদওয়ান হাসান বলেন, শরিফুল কোনো মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। ধারণা করছি মান অভিমানের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। সঠিক তদন্তে সত্যতা নিশ্চিত হওয়া যাবে। গফরগাঁও থানার এসআই সিদ্দিক বলেন, ছেলেটির বয়স অল্প। প্রেম সংক্রান্ত কোনো ব্যাপার থাকতেও পারে। তদন্ত চলছে।
পুলিশের বক্তব্য
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।



