বলিউডের অবিবাহিত অভিনেত্রীরা: স্বাধীন জীবনযাপনের কারণ
বলিউডের আলোচিত অভিনেত্রী আমিশা প্যাটেল ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর তিনি বেশ কয়েকটি হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। আমিশাকে সর্বশেষ দেখা গেছে ‘গদার ২’ ছবিতে। ৪০ বছর পেরিয়ে ৫০–এর কোঠায় পৌঁছেও তিনি অবিবাহিত রয়েছেন। ভক্তরা বহুবার তাঁর বিয়ের বিষয়ে জানতে চেয়েছেন। মনের মানুষ আছে কি না, তা নিয়েও উৎসাহ প্রকাশ করেন অনুরাগীরা। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে একাধিক সাক্ষাৎকারে আমিশা অকপটে স্বীকার করেছেন, ‘সঠিক মানুষ পেলে বিয়ে করব।’
টাবু: একা থাকতেই ভালোবাসেন
টাবু ৫০ বছর পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতিতে সমসাময়িক প্রজন্মের অভিনেত্রীদের টেক্কা দিতে সক্ষম। পর্দায় তাঁর উপস্থিতি সংযমী অথচ তীব্র। বলিউডের তাবড় প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী কেন আজও অবিবাহিত? অনুরাগীদের এই কৌতূহলের মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল টাবুর একটি মন্তব্য। যেখানে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি একা থাকতেই ভালোবাসি।’
দিব্যা দত্ত: মায়ের সঙ্গেই সময় কাটান
৪৮ বছর বয়সেও অবিবাহিত রয়েছেন দিব্যা দত্ত। বারবার সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না। মা-ই তাঁর জীবন, মায়ের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন। এ নিয়ে ‘মি অ্যান্ড মা’ নামে একটি বইও লিখেছেন দিব্যা।
একতা কাপুর: বিয়ের ব্যাপারে নিশ্চিত নন
গ্ল্যামারাস দুনিয়ার অন্যতম সফল ব্যক্তিত্ব একতা কাপুর। বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে একতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার যেসব বন্ধু আগে বিবাহিত ছিল, তারা এখন অবিবাহিত। সাম্প্রতিক সময়ে যত বিচ্ছেদ দেখেছি, তাতে মনে হয় আমিই বেশি ধৈর্যশীল। একটা বিষয় নিশ্চিত যে আমি সন্তান চাই, কিন্তু বিয়ের ব্যাপারে একেবারেই নই। নিজের জন্যই আমার সময় প্রায় থাকেই না। যদি দু-এক ঘণ্টা সময় পাই স্পা-তে যেতে চাই।’
তানিশা মুখার্জি: স্বাধীন জীবনযাপনে খুশি
তানিশা মুখার্জির বয়স বর্তমানে ৪৮ বছর। ‘সরকার’, ‘সরকার রাজ’ ইত্যাদি ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। পরে ‘বিগ বস’-এর হাত ধরে আবার লাইমলাইটে আসেন। তাঁর মতো একজন গ্ল্যামারাস বাঙালি কন্যাও ব্যক্তিগত জীবনের সাফল্যকে সঙ্গী করে স্বাধীন জীবনযাপনে খুশি।
সুস্মিতা সেন: আত্মবিশ্বাসের প্রতীক
৫০ বছর বয়সেও আত্মবিশ্বাস ও সৌন্দর্যের প্রতীক বঙ্গললনা সুস্মিতা সেন। ‘আর্য’ সিরিজের মাধ্যমে দুর্দান্ত কামব্যাক দর্শকের মনে দাগ কেটেছে। একই সঙ্গে তাঁর স্বাধীনচেতা মনোভাব জেন–জির অনুপ্রেরণা। দত্তক নেওয়া দুই কন্যাসন্তানকেও বড় করছেন সাবেক বিশ্বসুন্দরী।
শমিতা শেঠি: সময় এখনো শেষ হয়নি
শমিতা শেঠি ‘মহাব্বতে’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। পরে ‘জেহের’, ‘ক্যাশ’-এর মতো দু-একটি ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। তবে এই মুহূর্তে বড় পর্দা থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন। অভিনয়ের সুবাদে চর্চায় না থাকলেও ৫০ ছুঁই ছুঁই অভিনেত্রী আজও কেন অবিবাহিত, তা নিয়ে ভক্তমহলে ব্যাপক কৌতূহল। তবে শমিতা নিজে অবশ্য এসব কৌতূহল মেটাননি। একবার কেবল বলেছিলেন, ‘সময় এখনো শেষ হয়ে যায়নি।’ অনেকে মনে করেন, রাকেশ বাপটের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার যন্ত্রণা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।
আশা পারেখ: সঙ্গীর অভাব বোধ করেন না
আশা পারেখ এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি কখনো সঙ্গীর অভাব বোধ করি না। বিয়ে যদি ভাগ্যে না থাকে, তাহলে তোমার সঙ্গী তোমাকে ছেড়ে যেতে পারে বা মারা যেতে পারে। আর তখন তুমি আবার একাই থেকে যাবে। তুমি একা আসো, একা চলে যাও। যদি তোমার ভাগ্যে স্বামী না থাকে, তবে তুমি কখনোই স্বামী পাবে না।’ আশা যে বিয়ে করেননি, বুঝতেই পারছেন।



