বসন্তের রঙে সেজেছেন ৭ তারকা, শাড়ির লুকে ফুটে উঠেছে ঋতুরাজের আমেজ
শীতের আমেজ কেটে গিয়ে প্রকৃতিতে এসেছে বসন্তের ছোঁয়া। গাছে গাছে কুঁড়ি, রঙিন ফুলের বাহার—আর এই আবহেই রঙিন হয়ে উঠেছেন হালের ফ্যাশন-সচেতন তারকারা। ঋতুরাজকে বরণ করে নিতে তাঁরা শাড়ির লুকে ক্যামেরাবন্দী হয়েছেন, যেখানে বসন্তের নানা রং যেন মিশে গেছে তাঁদের সাজে। ছবির গল্পে রইল বসন্ত-বিলাসের বিস্তারিত বর্ণনা।
মুমতাহিনা টয়া: বাটিক শাড়ির নজরকাড়া লুক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া এই বসন্তে পরেছেন খুব সুন্দর একটি বাটিক শাড়ি। শাড়ির গাঢ় টিল রঙের জমিনে সাদা টাই-ডাই প্যাটার্ন, সঙ্গে কনট্রাস্টিং উজ্জ্বল কমলা আঁচল পুরো লুকটিকে করেছে নজরকাড়া। শাড়িটি ফ্যাশন ব্র্যান্ড রেড বাটন থেকে নেওয়া। তবে সবচেয়ে আকর্ষণ কাড়ছে হল্টারনেক ও ব্যাকলেস কালো ব্লাউজটি। সঙ্গে মিনিমাল মেকআপ করেছেন টয়া, আর কানে শোভা পাচ্ছে স্টেটমেন্ট দুল।
সুনেরাহ বিনতে কামাল: লাল শাড়িতে হলুদ চুড়ির মেলবন্ধন
ইএফ ক্রিয়েশনের লাল সুতি শাড়ি আর হাতে পরা হলুদ কাঁচের চুড়িতে বসন্তবরণ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সেজেছেন গ্লুড টুগেদারের গোল্ড প্লেটেড জুয়েলারিতে। সূর্যমুখী বাগানে তাঁর এই ছবিগুলো সত্যিই চোখ ধাঁধানো।
সাদিয়া আয়মান: বিশ্বরঙের আউটফিটে বসন্তের গান
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙের আউটফিটে ক্যামেরাবন্দী হয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ব্যাক কাটআউট ব্লাউজের সঙ্গে আকর্ষণ কাড়ছে তাঁর হলুদ শাড়ি। জমিনে থাকা রঙিন ফুলেল মোটিফ যেন বসন্তেরই গান গাইছে। সঙ্গে ঝুমকা, চুড়ি আর লম্বা বিনুনিতে কাঁচা ফুলের সাজে বেশ সুন্দর লাগছে তাঁকে।
সাফা কবির: মায়ের শাড়িতে বসন্তবরণ
স্টাইলিশ অভিনেত্রী সাফা কবিরও বেছে নিয়েছেন শাড়ি, তবে নিজের শাড়ি নয়। সাফা বসন্তের সুন্দর ছবিগুলো শেয়ার করে লিখেছেন, 'বসন্তে আমি আম্মুর শাড়ি পরেছি'। প্রথমেই নজর কাড়ছে শাড়ির রঙের দাপট। উজ্জ্বল কমলা আর কালোর কনট্রাস্টের ওপর জ্যামিতিক বহুরঙা নকশা খেলা করছে। জুটি হয়েছে ভেলভেটের কালো ব্লাউজ। সাফা মিনিমাল সাজের সঙ্গে বেছে নিয়েছেন স্টেটমেন্ট দুল আর ব্রেসলেট। আর চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা হয়েছে।
মেহজাবিন চৌধুরী: প্যাস্টেল হলুদ শাড়িতে উজ্জ্বলতা
রোদ্দুরের মতোই উজ্জ্বলতা নিয়ে ফ্রেমে ধরা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পরনে প্যাস্টেল হলুদ শাড়ি। জমিনে বড় সাদা ফুলেল ছাপ স্প্রিং ভাইব এনেছে লুকে। সঙ্গে ম্যাচিং সুইটহার্ট নেকলাইন আর ছোট স্লিভের ব্লাউজ পরেছেন। লুকের অন্যতম আকর্ষণ পার্ল বা মুক্তার জুয়েলারি। হাতেও রেখেছেন ছোট্ট পার্ল-এমবেলিশড মাইক্রো ব্যাগ।
সাবিলা নূর: লাল-নীল শাড়িতে ফ্লোরাল ছাপ
ফ্যাশন ব্র্যান্ড ঋতির ডিজিটাল প্রিন্টের লাল-নীল শাড়িতে সাবিলা নূর। শাড়ির জমিনে থাকা ফ্লোরাল ছাপই বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। সঙ্গে পরেছেন লাল ব্লাউজ। ছিমছাম সাজই পছন্দ তাঁর। কানে ঝুমকা, হাতে একগুচ্ছ লাল চুড়িতে অন্যরকম সুন্দর লাগছে সাবিলাকে।
নুসরাত ফারিয়া: হলুদের নরম আলোয় দ্যুতি
হলুদের নরম আলোয় যেন দ্যুতি ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। বসন্তবরণের আবহে এই সুন্দর ফ্লোরাল শাড়িটি বেছে নিয়েছেন তিনি। শিয়ার ফেব্রিকের পাতলা জমিনে ফুল, পাতা আর পাখির ছাপ শাড়িটিকে দিয়েছে একদম বসন্তের ছোঁয়া। সঙ্গে মানানসই একই রঙের গ্লাস স্লিভ ব্লাউজ জুটি হয়েছে। জুয়েলারিতেও একই রঙের ধারাবাহিকতা বজায় রেখেছেন নায়িকা।
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭। এই বসন্তে তারকারা শাড়ির মাধ্যমে ফ্যাশনের নতুন মাত্রা যোগ করেছেন, যা দর্শকদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস।
