অভিনয়ে আসার ইচ্ছা ছিল না কনস্ট্যান্স জিমারের, প্রেমই নিয়ে এলো হলিউডে
অভিনেত্রী কনস্ট্যান্স জিমারের আজ জন্মদিন। তাঁর ক্যারিয়ারের গল্পটি বেশ আকর্ষণীয়, কারণ শুরুতে অভিনয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না তাঁর। পড়াশোনা করে নিজের মতো ক্যারিয়ার গড়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পড়ার সময় প্রেমে পড়েন তিনি, আর সেই প্রেমই একসময় তাঁকে অভিনয় জগতে প্রবেশ করতে আগ্রহী করে তোলে।
শৈশবের স্বপ্ন ছিল জিমন্যাস্ট হওয়া
ছোটবেলা থেকেই কনস্ট্যান্স জিমারের অভিনয়ের প্রতি আগ্রহ ছিল না। তিনি জিমন্যাস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন এবং অলিম্পিকের জন্য প্রশিক্ষণও পেয়েছিলেন। তবে কৈশোর পার হওয়ার পর এই চর্চা বন্ধ করে দেন তিনি।
সৃজনশীলতার নিদর্শন
তিনি ছোট থেকেই নিজের গয়না নিজেই বানাতেন। ভ্যারাইটিতে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গয়না, মোমবাতি, শুভেচ্ছা কার্ডসহ অনেক কিছুই স্কুল থেকেই বানিয়ে চমক লাগিয়ে দিতেন। এছাড়াও, তাঁর বাড়ির অভ্যন্তরীণ নকশা নিজেই করেছিলেন এবং শুটিংয়ের সেট ডিজাইনেও তাঁর ভালো জ্ঞান রয়েছে। কখনো নিজেই ঠিক করে দেন এসব বিষয়।
প্রেম ও বিবাহের গল্প
হাইস্কুলে পড়ার সময় অল্প বয়সেই প্রেমে পড়েন তিনি। একসময় বিয়েও করেন স্টিভ জনসনকে, যিনি ছিলেন স্পেশাল ইফেক্টস আর্টিস্ট। তবে জিমারের জন্য এই বিয়ে ছিল ভুল সিদ্ধান্ত, কারণ দুই বছরের মধ্যেই এটি ভেঙে যায়। দুই বছর পরে আবার বিয়ে করেন, কিন্তু সেই বিয়েও ভেঙে যায়। নিউইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দুই বিবাহবিচ্ছেদের পরে মানসিকভাবে আঘাত পেলেও এই ভুল সিদ্ধান্তই তাঁকে অভিনয়ে শক্তভাবে জায়গা করে দেয়।
ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন
তিনি ‘আনরিয়েল’ ড্রামা সিরিজ দিয়ে প্রাইমটাইম এমিতে মনোনয়ন পেয়েছিলেন। আলোচিত ‘এজেন্টস অব এস এইচ ই এল ডি’ তাঁর ক্যারিয়ারের সেরা কাজ হিসেবে বিবেচিত হয়। ১৯৭০ সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন।
