গুরুতর অসুস্থ নাট্যজন আতাউর রহমান, লাইফ সাপোর্টে
গুরুতর অসুস্থ নাট্যজন আতাউর রহমান, লাইফ সাপোর্টে

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশের খ্যাতিমান নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক আতাউর রহমান। গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। প্রথমে তাঁকে গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর আইসিইউ সাপোর্ট প্রয়োজন। কিন্তু ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় তাঁকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তির পরপরই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

লাইফ সাপোর্টে ফেরা

পরশু কিছুটা শারীরিক উন্নতি হলে চিকিৎসকেরা লাইফ সাপোর্ট খুলে দেন। কিন্তু আবার অবস্থার অবনতি ঘটলে গতকাল পুনরায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সোমবার দুপুরে তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আব্বার অবস্থা খুব একটা ভালো না। জটিল। তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

বহুমাত্রিক প্রতিভা

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক। তাঁর এই গুরুতর অসুস্থতার খবরে শিল্পী-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সকলে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ