ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নাম নিয়ে বিতর্ক, সংবাদ সম্মেলনে ব্যাখ্যা
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নাম বিতর্ক, ব্যাখ্যা দিল ছাত্রদল

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত ৫১ সদস্যের কমিটিতে ছাত্রলীগের ১১ নেতা–কর্মীর নাম অন্তর্ভুক্তি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ছাত্রদল আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। বেলা তিনটার দিকে কলেজ ক্যানটিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কমিটি গঠনের প্রেক্ষাপট

১ মে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক করা হয়েছে তানভীর আব্দুল্লাহ এবং সদস্যসচিব মেহেদী হাসানকে। এই কমিটিতে মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা আছেন বলে অভিযোগ তুলে ফেসবুকে প্রচার শুরু হয়।

ছাত্রদলের ব্যাখ্যা

বিষয়টি নিয়ে আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছেলে শিক্ষার্থীদের হোস্টেলে আবাসন রয়েছে ১৫–২০ ভাগ। এর বেশি অর্ধেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে বিগত সময়ে ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। যাদের নিয়ে সমালোচনা, তাঁরা সবাই এম-৫৯ ব্যাচের শিক্ষার্থী। তারা ২০২৩ সালের প্রথম প্রফেশনাল পরীক্ষার্থী হিসেবে মোস্ট জুনিয়র ব্যাচের। তাঁরা ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না; কিন্তু তাঁদের পদ দিয়ে ছাত্রলীগের সিল মেরে দেওয়া হয়েছে। মোটকথা কোনো শিক্ষার্থী হলে থেকেছে; কিন্তু ছাত্রলীগের পদ দিয়ে সিল মারেনি, এমন হয়নি। ফলে ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত রাজনীতির ডাকে সাড়া না দেওয়ায় ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিত ন্যারেটিভ ছড়িয়ে ছাত্রদলকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্রলীগ কমিটির প্রসঙ্গ

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। এতে হলে থাকা শিক্ষার্থীদের ঢালাওভাবে ট্যাগ দিয়ে বাধ্যতামূলকভাবে ওই কমিটিতে রাখা হয়; কিন্তু এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না; বরং তারা বিগত জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রদলের সঙ্গে সক্রিয় ছিল। তাদেরই ছাত্রদলের কমিটিতে যাছাই-বাছাই করে রাখা হয়েছে।

উপস্থিত নেতারা

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাপ প্রমুখ।