বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একটি ফটোশুটে অংশ নিয়ে নিজের জীবনের অপ্রত্যাশিত মোড় সম্পর্কে খোলামেলা কথা বলেন তিনি।
শিক্ষক হওয়ার স্বপ্ন থেকে শোবিজে পদার্পণ
শিরিন আক্তার শিলা তার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, 'এই করিডোরটা আজ কেমন যেন অন্যরকম লাগছে। ২০১৬-১৭ সেশনে আমি এখানে একজন ছাত্রী ছিলাম। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থবিজ্ঞান লেকচারার হওয়ার। চেষ্টা করেছিলাম, সত্যিই… কিন্তু কোথায় যেন তাল কেটে গেল, আর জীবন আমাকে অন্য এক ঝলমলে জগতে নিয়ে গেল।'
তিনি আরও লিখেছেন, 'আজ এখানে শুট করতে এসে হঠাৎ সব স্মৃতি ফিরে এলো। তখন জীবনটা হয়তো সহজ ছিল… অথবা আমিই ছিলাম সহজ। এখনকার জীবনের জন্য কোনো অভিযোগ নেই। তবুও কোথাও একটা প্রশ্ন থেকে যায়, যদি থেকে যেতাম?'
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা
২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শিরিন আক্তার শিলা। তবে সেবার তিনি মুকুট জিততে পারেননি। পরের বছর আবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এরপরই শোবিজ জগতে তার যাত্রা শুরু হয়।
অভিনয় জীবন
ইতোমধ্যে নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ 'ষ'-এর প্রথম পর্ব 'এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ'-এ অভিনয় করেছেন শিলা। সেখানে সোহেল মণ্ডলের বিপরীতে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্য তাকে দেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।



