বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পর্দায় নারীদের উপস্থাপন নিয়ে চলমান বিতর্কে পরিচালকদের দোষ দিতে নারাজ। নিজের আসন্ন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র প্রচারণায় পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
‘পেদ্দি’ সিনেমা ঘিরে বিতর্ক
পরিচালক বুচি বাবু সানার স্পোর্টস অ্যাকশন ড্রামা ‘পেদ্দি’ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র ‘অচিয়ম্মা’র উপস্থাপন নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, কিছু দৃশ্যের ক্যামেরা অ্যাঙ্গেল ও ভিজ্যুয়াল ফ্রেম চরিত্রটিকে অপ্রয়োজনীয়ভাবে আবেদনময়ী করে তুলেছে। এছাড়া নায়কের সংলাপে জাহ্নবীর শারীরিক সৌন্দর্যের বর্ণনা বিতর্ককে আরও উসকে দিয়েছে।
কঙ্গনার বক্তব্য
কঙ্গনা বলেন, ‘সিনেমাপ্রেমী বা নির্মাতারা কেউই ইচ্ছাকৃতভাবে নারীদের অবজেক্টিফাই করতে চান না। সিনেমা একটি যৌথ প্রয়াস। কাজের সময় কোনো দৃশ্য সমস্যার সৃষ্টি করলে অভিনয়শিল্পীদের তা নিয়ে কথা বলার পূর্ণ সুযোগ থাকে।’
তিনি আরও বলেন, একজন অভিনেতা যখন কোনো প্রজেক্টে যুক্ত হন, তখন অনুপযুক্ত মনে হলে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ ও পরিবর্তনের পরামর্শ দেওয়ার সুযোগ থাকে। পর্দায় নারীদের এমন উপস্থাপনের পেছনে তিনি চিত্রনাট্য লেখা ও রূপায়নের মধ্যে ধারণাগত পার্থক্যকে দায়ী করেন।
যৌথ সৃজনশীলতার গুরুত্ব
কঙ্গনার মতে, অনেক সময় লেখক বা পরিচালক শুরুতে একটি দৃশ্য যেভাবে ভাবেন, পর্দায় তা ফুটিয়ে তোলার পর সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়। শুটিংয়ের সময় দলের সবার মধ্যে খোলামেলা আলোচনার মাধ্যমে বিষয়গুলো সংশোধন করা সম্ভব। একবার অভিনয়শিল্পী চুক্তিবদ্ধ হলে, পুরো ছবিটির ভালো-মন্দের দায়ভার যৌথ সৃজনশীলতার অংশ হয়ে যায়।



