চীনের জনপ্রিয় অভিনেতা জিন জে মারা গেছেন। মাত্র ৩৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। আজ শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে তাঁর এজেন্সি। বিবৃতিতে জানানো হয়, ৪ জুন চীনের হাংঝৌ শহরে নিজ বাসভবনে মারা যান জিন জে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে (আসল নাম ঝাং জিয়াওয়েই) ২০২৬ সালের ৪ জুন হাংঝৌয়ে তাঁর বাসভবনে মারা গেছেন।’
জন্ম ও ক্যারিয়ার
এজেন্সি আরও জানায়, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্ম নেওয়া জিন জে ছিলেন একজন প্রতিভাবান তরুণ অভিনেতা ও মডেল। তিনি বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করার পর মডেল হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ে পা রাখেন এবং বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান। তবে সাম্প্রতিক বছরগুলোতে শর্ট ড্রামা বা মাইক্রো ড্রামার মাধ্যমে তাঁর জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায়। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত এসব স্বল্পদৈর্ঘ্যের ধারাবাহিক তাঁকে নতুন প্রজন্মের দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে।
শেষ পোস্ট ও নতুন সিরিজ
সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে জিন জের অনুসারীর সংখ্যা ছিল ৫০ লাখের বেশি। গত ৬ মে দেওয়া তাঁর শেষ পোস্টে তিনি একটি নতুন প্রকল্পের শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছিলেন। তখন কেউ কল্পনাও করেননি যে সেটিই হয়ে থাকবে অভিনেতার শেষ জনসমক্ষে বার্তা। মৃত্যুর আগে জিন জে অভিনীত নতুন শর্ট ড্রামা ‘ওয়েটিং ফর দ্য ফ্লাওয়ারস টু ব্লুম, ওয়েটিং ফর ইওর রিটার্ন’ নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। চীনের জনপ্রিয় শর্ট ড্রামা প্ল্যাটফর্ম হুনগ্গুও শর্ট ড্রামায় সিরিজটির জন্য ১৪ লাখ ৮০ হাজারের বেশি দর্শক আগাম আগ্রহ নিবন্ধন করেছিলেন। তাঁর মৃত্যুর কারণে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গুজব না ছড়ানোর আহ্বান
জিন জের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শীর্ষ ট্রেন্ডে পরিণত হয়। এজেন্সি জনসাধারণ ও ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন কেউ গুজব বা যাচাই না করা তথ্য ছড়িয়ে না দেন। পাশাপাশি শেষকৃত্যের আয়োজন চলাকালে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধও করা হয়েছে।
শোকের ছায়া
জিন জের মৃত্যুর খবরে চীনের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অল্প বয়সে তাঁর আকস্মিক মৃত্যু শর্ট ড্রামা–জগতের জন্য বড় এক ক্ষতি বলে মনে করছেন অনেকেই। পর্দায় তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও জনপ্রিয়তা তাঁকে নতুন প্রজন্মের অন্যতম পরিচিত মুখে পরিণত করেছিল।



