আমির খান তৃতীয় বিয়ে: গৌরী স্প্র্যাটের সঙ্গে ৫ জুলাই মুম্বাইয়ে ঘরোয়া আয়োজন
আমির খানের তৃতীয় বিয়ে: গৌরী স্প্র্যাটের সঙ্গে ৫ জুলাই

আমির খানের তৃতীয় বিয়ে: গৌরী স্প্র্যাটের সঙ্গে ৫ জুলাই মুম্বাইয়ে ঘরোয়া আয়োজন

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে অত্যন্ত ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা আমির খান বলেন, 'বিয়ের খবর সত্যি। ৫ জুলাই আমাদের বিয়ে। এখন আমরা দুজনই মনে করছি, সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে।'

গুঞ্জনের শুরু

দীর্ঘদিন ধরে আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। তবে ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন আমির। সেদিনই তিনি জানান, তাঁদের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। সেই পরিচয় প্রেমে রূপ নিয়েছে অনেক পরে। আমিরের ভাষায়, 'গৌরী আর আমি হঠাৎ করেই আবার একে অপরের জীবনে ফিরে আসি। বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা আসে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কে এই গৌরী স্প্র্যাট?

দীর্ঘদিন ধরে প্রচারের আলো থেকে দূরে থাকা গৌরী স্প্র্যাট হঠাৎ করেই ভারতের অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তবে এর কারণ শুধু আমির খানের সঙ্গে তাঁর সম্পর্ক নয়, তাঁর নিজস্ব পেশাগত ও পারিবারিক পরিচয়ও কম আগ্রহের বিষয় নয়। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা ও লাইফস্টাইল সংশ্লিষ্ট পেশাজীবী। দীর্ঘদিন তিনি বেঙ্গালুরুর একটি পরিচিত স্যালন ও বিউটি চেইনের ব্যবস্থাপনা ও ব্যবসা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের সঙ্গেও যুক্ত আছেন এবং প্রতিষ্ঠানটির কিছু প্রশাসনিক ও সৃজনশীল কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যক্তিজীবনে গৌরী এক সন্তানের মা। আগের বিবাহিত জীবনের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে তাঁর। ঘনিষ্ঠজনদের ভাষ্য, পরিবার ও সন্তানের প্রতি দায়িত্ববোধকে তিনি সব সময়ই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেছেন। গৌরীর পারিবারিক শিকড়ও বেশ ব্যতিক্রমী। তাঁর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত একজন কমিউনিস্ট চিন্তাবিদ ও রাজনৈতিক কর্মী। ১৯২০-এর দশকে তিনি ভারতে এসে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

আমিরের চোখে গৌরী

গৌরীকে নিয়ে কথা বলতে গিয়ে আমির খান বারবার একটি শব্দ ব্যবহার করেছেন—'শান্তি'। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এমন একজন মানুষকে খুঁজছিলাম, যার সঙ্গে আমি শান্তিতে থাকতে পারব। যে আমাকে মানসিক প্রশান্তি দেবে। গৌরীর মধ্যে আমি সেটাই খুঁজে পেয়েছি।' আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি খুব সৌভাগ্যবান যে গৌরীর মতো একজন মানুষ আমার জীবনে এসেছে। ওর সঙ্গে থাকলে আমি শান্তি অনুভব করি।'

গৌরীর চোখে আমির

সম্পর্ক প্রকাশ্যে আসার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরীও নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন। তিনি বলেন, 'আমি এমন একজন মানুষ চেয়েছিলাম, যিনি ভদ্র, যত্নশীল এবং মানবিক।' পাশেই বসা আমির তখন হেসে জবাব দেন, 'এত কিছু খুঁজে শেষ পর্যন্ত আমাকে পেলে?' মজার বিষয় হলো, ভারতের অন্যতম বড় চলচ্চিত্র তারকার প্রেমে পড়লেও আমিরের খুব বেশি সিনেমা দেখা হয়নি গৌরীর। তিনি জানিয়েছেন, আমিরের মাত্র দুটি ছবি—'লগান' ও 'দিল চাহতা হ্যায়' দেখেছেন।

এক ছাদের নিচে

সম্পর্কের বিষয়ে দীর্ঘদিন নীরব থাকলেও ২০২৬ সালের শুরুতে আমির খান নিজেই জানান, তিনি ও গৌরী স্প্র্যাট একসঙ্গে বসবাস শুরু করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকেই মুম্বাইয়ে একই ছাদের নিচে সময় কাটাচ্ছেন তাঁরা। বিষয়টি সামনে আসার পরই বিয়ের গুঞ্জন নতুন মাত্রা পায়।

দুই বিয়ে, দুই বিচ্ছেদ

ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন আমির। ১৯৮৬ সালে মাত্র ২১ বছর বয়সে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। তাঁদের ঘরে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা খান। ১৬ বছরের সংসারের পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের ছেলে আজাদ রাও খান সারোগেসির মাধ্যমে জন্ম নেয়। ২০২১ সালে ১৫ বছরের সেই দাম্পত্যেরও ইতি টানেন তাঁরা। তবে বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির।

আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করলেন অভিনেতা আমির খান। ৫ জুলাইয়ের অপেক্ষায় এখন ভক্তরা। সত্যিই যদি বিয়ের পিঁড়িতে বসেন আমির ও গৌরী, তবে ৬১ বছর বয়সে এসে শুরু হবে অভিনেতার জীবনের নতুন এক ইনিংস—যে ইনিংসের নাম হতে পারে শান্তি, স্থিরতা আর নতুন করে ভালোবাসা।