বলিউডে নব্বইয়ের দশক ছিল রোমান্স, অ্যাকশন আর তারকাখচিত সিনেমার যুগ। সেই সময়ের জনপ্রিয় নায়কদের তালিকায় অন্যতম নাম ববি দেওল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি কাজ করেছেন মনীষা কৈরালা, রানী মুখার্জি, প্রীতি জিনতা, টুইঙ্কেল খান্নাসহ বহু জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে; কিন্তু ক্যামেরার আড়ালেও জমে উঠেছিল অসংখ্য মজার স্মৃতি, খুনসুটি আর বন্ধুত্বের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতিগুলোর কিছু অংশ তুলে ধরেছেন ববি দেওল; আর সেখানেই উঠে এসেছে এমন এক ঘটনা, যা শুনে হাসি চেপে রাখা কঠিন—একসময় তিনি নাকি মনীষা কৈরালার সঙ্গে একটি দৃশ্যের শুটিং করতে রাজি ছিলেন না। কারণ, অভিনেত্রীর মুখে পেঁয়াজের গন্ধ ছিল!
‘গুপ্ত’-এর সেটে পেঁয়াজের গল্প
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’ বলিউডের অন্যতম জনপ্রিয় থ্রিলার। ছবিটিতে ববি দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন কাজল ও মনীষা কৈরালা। সিনেমাটি যেমন বক্স অফিসে সফল হয়েছিল, তেমনি আজও দর্শকদের কাছে একটি কাল্ট ক্ল্যাসিক। সেই ছবির শুটিংয়ের একটি ঘটনার কথা স্মরণ করে ববি বলেন, শীতের সময় শুটিং চলছিল। সেটের কাছে একজন বিক্রেতা চানাচুর বিক্রি করছিলেন। মনীষা সেটি বেশ আনন্দ করে খাচ্ছিলেন। কিন্তু সমস্যা হলো ওই খাবারে প্রচুর পেঁয়াজ ছিল।
ববির ভাষ্য অনুযায়ী, এরপর একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করার কথা ছিল। যেখানে মনীষাকে তাঁর চিবুকে কামড় দেওয়ার অভিনয় করতে হবে; কিন্তু পেঁয়াজের ঝাঁজালো গন্ধে তিনি নাকি ঠিকমতো অভিনয়ই করতে পারছিলেন না। মজার ছলে তিনি বলেন, ‘আমি কোনো অভিব্যক্তি দিতে পারছিলাম না।’
এ ঘটনা নিয়ে পরবর্তী সময়ে তিনি একটি ‘প্রতিশোধ’-এর পরিকল্পনাও করেছিলেন। ছবির অন্য একটি দৃশ্যে এক নবাগত অভিনেতার সঙ্গে শুটিংয়ের আগে তিনি তাঁকে অভিনয় ভালো করার অজুহাতে অনেক পেঁয়াজ খেতে উৎসাহিত করেন। তাঁর ধারণা ছিল, এতে মনীষাও হয়তো একই রকম অস্বস্তিতে পড়বেন; কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। পরে নিজেই হেসে স্বীকার করেন, ‘তখন বয়স কম ছিল, এসবই ছিল ছেলেমানুষি।’
টুইঙ্কেল খান্না ও পেটের সমস্যার গল্প
ববি দেওলের প্রথম ছবি ‘বারসাত’-এ তাঁর নায়িকা ছিলেন টুইঙ্কেল খান্না। দুজনেরই তখন ক্যারিয়ারের শুরু। সেই সময় একটি মজার ভুল–বোঝাবুঝির কথাও তিনি বলেন। ববির দীর্ঘদিনের পেটের সমস্যা ছিল। তিনি প্রায়ই বন্ধুদের কাছে নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলতেন। কখন ওয়াশরুমে গেলেন, কেমন লাগছে—এসব কথাই নাকি ঘুরেফিরে বলতেন। টুইঙ্কেল এতে বিরক্ত হয়ে এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করে দেন। পরে ববি ফোন করে জানতে চান, কেন এমন কথা প্রকাশ্যে বলা হলো! তবে আজ ফিরে তাকিয়ে তিনি এটিকে নিছকই তরুণ বয়সের সরল ঘটনা হিসেবে দেখেন।
রানী মুখার্জির সঙ্গে ঝগড়া থেকে বন্ধুত্ব
‘বিচ্ছু’ ছবির শুটিংয়ের সময় রানী মুখার্জির সঙ্গে একটি গানের শুটিং করতে গিয়ে ছোটখাটো ঝগড়ার ঘটনা ঘটে। একটি ভেলায় দাঁড়িয়ে গানটির দৃশ্য ধারণ করা হচ্ছিল। বাতাসের কারণে রানীর চুল বারবার ববির মুখে এসে পড়ছিল। কে কোন দিকে দাঁড়াবেন তা নিয়েই তর্ক শুরু হয়; কিন্তু সেই তর্কই পরে রূপ নেয় গভীর বন্ধুত্বে। ববি বলেন, এরপর তাঁদের সম্পর্ক এতটাই ভালো হয়ে যায় যে রানী প্রায়ই বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসতেন। আজও তিনি রানীকে একজন অসাধারণ মানুষ ও প্রিয় বন্ধু হিসেবে মনে করেন।
প্রীতি জিনতা, ডাক নাম আর পুরোনো বন্ধুত্ব
‘সোলজার’ ছবির সময় প্রীতি জিনতাকে তিনি মজা করে ‘প্রীতম সিং’ বলে ডাকতেন। এর পেছনে বিশেষ কোনো কারণ ছিল না; বরং বন্ধুত্বপূর্ণ খুনসুটি থেকেই নামটি চালু হয়েছিল। ববি জানান, সিনেমায় কাজ শুরুর আগেই প্রীতির সঙ্গে তাঁর পরিচয় ছিল। সেই সময় তিনি নিয়মিত পার্টি করতেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। প্রীতিও সেই বন্ধুদের একজন ছিলেন। বহু বছর পরও তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে। সম্প্রতি স্ত্রী তানিয়ার সঙ্গে প্রীতির ডিনারেও গিয়েছিলেন বলে জানান তিনি।
নব্বইয়ের দশকের তারকাদের অন্য রকম সম্পর্ক
বর্তমান সময়ের বলিউডে পেশাদারত্ব অনেক বেড়েছে; কিন্তু নব্বইয়ের দশকের শিল্পীদের সম্পর্ক ছিল কিছুটা ভিন্ন। তারা একসঙ্গে কাজ করতেন, আড্ডা দিতেন, ঝগড়া করতেন; আবার মুহূর্তেই সব ভুলে যেতেন। ববি দেওলের সাম্প্রতিক স্মৃতিচারণা সেই সময়েরই একটি ছবি তুলে ধরে। এখানে কোনো তিক্ততা নেই, নেই পুরোনো বিরোধ; বরং আছে সহকর্মীদের প্রতি ভালোবাসা, সম্মান আর একসঙ্গে কাটানো সময়ের হাস্যরসাত্মক স্মৃতি।
নতুন অধ্যায়ে ববি
ক্যারিয়ারের শুরুর দিকে ‘চকলেট বয়’ ইমেজে জনপ্রিয়তা পেলেও সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন ববি দেওল। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন। বিশেষ করে ভিলেন চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে। এখন তিনি নতুন ছবি ‘বান্দার’-এর মুক্তির অপেক্ষায়। পাশাপাশি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।



