কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সেই সঙ্গে প্রকাশ করছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি ও গল্প। এমনই এক আবেগঘন স্মৃতি সামনে এনেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান।
রুম্মানের পোস্ট
শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনা কায়সারের একটি সাদাকালো ছবি প্রকাশ করেন রুম্মান। প্রকাশিত ছবিতে রাস্তায় তাকিয়ে থাকতে দেখা যায় কারিনাকে। তার মুখে ছিল মৃদু হাসি। ছবিটি প্রকাশ করে ক্যাপশনে রুম্মান লেখেন, 'কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটস আপ করেছিলাম। কারিনা বলেছিলেন, ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন!'
স্বাস্থ্যের অবনতি
কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কর্মজীবন
কনটেন্ট ক্রিয়েশন, নাটক ও ওটিটি জগতে নিজের কাজের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
শোকের ছায়া
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন, রেখে যাচ্ছেন স্মৃতি ও ভালোবাসার বার্তা। কারিনা কায়সারের অকাল প্রয়াণে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।



