দক্ষিণী সিনেমার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত সম্প্রতি আধ্যাত্মিকতার শক্তি সম্পর্কে একটি চমকপ্রদ অভিজ্ঞতা শেয়ার করেছেন। আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর ৪৫ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যান তিনি। সেখানেই নিজের জীবনের এক স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন এই কিংবদন্তি অভিনেতা।
আশ্রমে প্রথম যাওয়ার অভিজ্ঞতা
রজনীকান্ত বলেন, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন— অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। তিনি বলেন, ‘আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন। কিন্তু সত্যি বলতে— একজন মানুষও আমাকে দেখছিল না।’
আধ্যাত্মিকতার গভীরতা উপলব্ধি
রজনীকান্ত আরও বলেন, এই অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকতার শক্তি সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে। ‘সেই সময় আমি বুঝেছিলাম— আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর। সত্যিকারের স্টারডম আসলে কী, সেটিও উপলব্ধি করেছিলাম,’ বলেন তিনি। বয়স ৭৪ হলেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। এখনো তার সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভিড় জমান ভক্ত-অনুরাগীরা। তামিলনাড়ুর দর্শকদের কাছে তিনি ‘থালাইভা’। আবার অনেকের কাছে দেবতুল্যও। তবে এই অভিজ্ঞতা তাকে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছিল।
দশ দিনের অবস্থান
তিনি আরও জানান, প্রথমে মাত্র দুদিনের জন্য আশ্রমে গিয়েছিলেন। কিন্তু সেখানকার পরিবেশ, প্রকৃতি ও মানসিক শান্তি এতটাই ভালো লেগেছিল যে, শেষ পর্যন্ত ১০ দিন সেখানে অবস্থান করেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনা শেয়ার করে নেন।



