২০২৫ সালের জুন মাসে ৪২ বছর বয়সে প্রয়াত হন ‘কাঁটা লাগা’ খ্যাত গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা। পরে ‘বিগ বস ১৩’-তেও নজর কেড়েছিলেন তিনি। অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। সেই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন তার স্বামী পরাগ ত্যাগী।
স্বামীর বক্তব্য
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিওবার্তায় পরাগ ত্যাগী বলেন, আমাকেও বলুন— কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে? শেফালী নিয়মিত কোনো ‘অ্যান্টি-এজিং’ ওষুধ নিত না। মাসে একবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিত। এগুলো সাধারণ স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহৃত হয় বলে দাবি করেন পরাগ।
মৃত্যুর দিনের ঘটনা
তিনি বলেন, শেফালী মৃত্যুর দিন উপবাস করলেও পূজার পর খাবার খেয়েছিলেন। তাই খালি পেটে কোনো ইনজেকশন নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হয়েছিল, তা সঠিক নয়।
স্বাস্থ্য ও জীবনযাপন
তিনি বলেন, শেফালীর তারুণ্য ও সুস্বাস্থ্যের নেপথ্যে ছিল নিয়মিত ব্যায়াম, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিজের শরীরের প্রতি যত্ন। ও কখনো নিজেকে খাওয়াদাওয়া থেকে বঞ্চিত করেনি। আইসক্রিম, চাইনিজ খাবার— সবই খেত। তবে পরিমিতভাবে খেত।
সবার প্রতি অনুরোধ
যাচাই না করে কোনো তথ্য যেন ছড়িয়ে দেওয়া না হয়। সত্যিটা জানুন, তারপর মন্তব্য করুন বলে জানান পরাগ ত্যাগী।



